সহপাঠীদের প্রতি শ্রদ্ধা শোকস্তব্ধ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্পস পর্বতমালার ফরাসি অংশে মঙ্গলবারের বিমান দুর্ঘটনায় নিহত ১৫০ আরোহীর ১৬ জন জার্মানির একটি স্কুলের শিক্ষার্থী। প্রাণ হারিয়েছেন স্কুলটির দুজন শিক্ষকও। সেদিনই সন্ধ্যায় জোসেফ-কোয়েনিগ-জিমনে-সিয়াম নামের ওই স্কুলটিতে মোমবাতি প্রজ্বালন, স্মৃতিচারণা ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করা হয় তাঁদের।
বিনিময় কর্মসূচির আওতায় সপ্তাহব্যাপী এক শিক্ষাসফর শেষে স্পেনের বার্সেলোনা থেকে দেশে ফিরছিলেন হলটার্ন-অ্যাম-সি এলাকার স্কুলের ওই শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে গত বছরের ডিসেম্বরে বার্সেলোনার কাছের জিয়োলা ইনস্টিটিউটের ১২ শিক্ষার্থী জার্মানি সফর করে।
নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে জোসেফ-কোয়েনিগ-জিমনেসিয়াম স্কুলে উপস্থিত হয়েছিলেন কয়েক শ শিশু-কিশোর শিক্ষার্থী ও তাদের অভিভাবক। নিহত ব্যক্তিদের স্মরণে এ সময় তাঁরা মোমবাতি জ্বালান ও বিশেষ প্রার্থনা করেন। এর আগে দুপুরে স্কুলের ক্লাস চলার সময় সহপাঠী ও শিক্ষকদের মৃত্যুর খবর এলে নেমে আসে শোকের ছায়া।
গতকাল বুধবার সকালেও নিহত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে স্কুল প্রাঙ্গণে সমবেত হয় শিক্ষার্থীরা। এ সময় তারা একে অপরকে সান্ত্বনা দেয়। গতকাল স্কুলে একটি স্মরণ অনুষ্ঠানও হওয়ার কথা রয়েছে।
সহপাঠীদের হারানোর শোক কাটিয়ে উঠতে গতকাল ওই স্কুলশিক্ষার্থীদের সহায়তায় কাজ করেন প্রায় ৫০ জন মনোবিদ। এই দিন এক সংবাদ সম্মেলনে স্কুলটির প্রধান শিক্ষক আলরিখ ওয়েসেল বলেন, স্কুলশিক্ষার্থীদের মৃত্যুতে তিনি ভীষণ মর্মাহত ও ভাষা হারিয়ে ফেলেছেন।