সহমর্মিতার অবিস্মরণীয় ছবি

রঙিন বেলুন আর ফেস্টুন হাতে দুই পাশে সার বেঁধে দাঁড়িয়ে শত শত মানুষ। কেউ কেউ হাততালি দিচ্ছেন। দুই সারি স্থানীয় মানুষের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন ট্রেনে হাঙ্গেরি থেকে সদ্য এসে পৌঁছানো সিরীয় শরণার্থীরা। ধর্ম, বর্ণ, ভাষা আর সংস্কৃতির ভেদাভেদ ভুলে বিপন্ন মানুষের প্রতি জার্মানির সাধারণ মানুষদের এই সংহতি আর মমত্ববোধের ছবি দেখা গেছে শনি আর রোববার জার্মানির মিউনিখ, ফ্রাঙ্কফুর্ট, স্টুটগার্টসহ নানা শহরের রেলস্টেশনে।
শনিবার সকাল থেকেই খবর ছড়িয়ে পড়েছিল যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এবং অস্ট্রিয়া ও জার্মানির সীমান্ত শহর নিকেলডর্ফ ও সালজবুর্গ থেকে বিশেষ ট্রেনে মিউনিখ হয়ে জার্মানির বিভিন্ন শহরে এসে পৌঁছাবে। সকাল থেকেই শহরগুলোর কর্তৃপক্ষ সাধারণ মানুষকে শরণার্থীদের পুনর্বাসনে সাহায্য করার আবেদন করে। বিকেল থেকেই শত শত মানুষ খাদ্যদ্রব্যের প্যাকেট, পানীয়, কাপড়, কম্বলসহ নানা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রেলস্টেশনগুলোতে ভিড় জমায়। সাধারণ নাগরিকেরা স্বেচ্ছাসেবী হয়ে রেলস্টেশনগুলোতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও শুরু করে।
মিউনিখ স্টেশনে যেসব শরণার্থী এসেছে, তাদের স্টেশনের কাছেই বিশাল হলরুমে খাদ্য, পানীয় ও প্রয়োজনীয় কাপড়চোপড় দেওয়া হয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মিউনিখের অধিবাসীদের কাছ থেকে দান হিসেবে এ মুহূর্তে তাদের কাছে যেসব শুকনো খাদ্য ও কাপড়চোপড় জমা পড়েছে, তা দিয়ে পুরো মাস চলে যাবে। তাই এ ধরনের সাহায্যের আর প্রয়োজন নেই। শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় আট হাজার শরণার্থীকে জার্মানির ১৬টি প্রদেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়। এদের অধিকাংশই গৃহযুদ্ধপীড়িত সিরিয়ার নাগরিক।
জার্মান সরকারের প্রতিনিধি গ্রিওগ স্ট্রাইটার এর আগে জানান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং অস্ট্রিয়া ও জার্মানির চ্যান্সেলর ভের্নার ফেম্যান ও আঙ্গেলা ম্যার্কেলের আলোচনার ভিত্তিতে হাঙ্গেরিতে পৌঁছানো শরণার্থীদের অস্ট্রিয়া ও জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
>জার্মানির শহরগুলোর কর্তৃপক্ষ সাধারণ মানুষকে শরণার্থীদের পুনর্বাসনে সাহায্য করার আবেদন করেছিল। এই আহ্বানে শত শত মানুষ খাদ্যদ্রব্যের প্যাকেট, পানীয়, কাপড়সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রেলস্টেশনগুলোতে ভিড় জমায়
নিয়ম অনুযায়ী জার্মানিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত হওয়ার পর প্রত্যেক আশ্রয়প্রার্থীর নাম, পরিচয় ও রাজনৈতিক আশ্রয় নেওয়ার কারণ কর্তৃপক্ষকে জানাতে হয়। এরপর আশ্রয়প্রার্থীদের আলাদাভাবে বাসস্থানের ব্যবস্থা করা এবং তাদের আশ্রয়প্রার্থী হিসেবে পরিচয়পত্র দেওয়া হয়।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভালটার স্টাইনমায়ার জানিয়েছেন, শনি এবং রোববারে যে সিরীয় শরণার্থীদের জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তা বিশেষ মানবিক কারণে করা হয়েছে। এ সুযোগ সব সময় প্রযোজ্য হবে না। জার্মান পার্লামেন্টের বিরোধীদলীয় উপনেত্রী সারা ভাগেননেখট গতকাল এক বিবৃতিতে শরণার্থীদের এ অবস্থার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।
এদিকে শনিবার বার্লিনের পুলিশ ফেসবুকে শরণার্থীদের প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা লেখার কারণে শহরের হেলাসবার্গ এলাকার এক ব্যক্তির বাড়ি তল্লাশি করে। সেখান থেকে কম্পিউটার ও দুটি মুঠোফোন জব্দও করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তদন্ত করা হচ্ছে।