সহায়তার আহ্বান যুক্তরাজ্য ও ফ্রান্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দুই স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, চলমান সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান খুঁজতে হবে। সেটা করতে হবে ইউরোপে অধিকতর উন্নত জীবনের আশায় অভিবাসী হতে চাওয়া লোকজনকে বোঝানোর মাধ্যমে। তাদের বোঝাতে হবে, ‘আমাদের রাস্তাগুলো স্বর্ণ দিয়ে বাঁধানো নয়

ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় চলমান অভিবাসী-সংকট সমাধানে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশ দুটির স্বরাষ্ট্রমন্ত্রীরা এক নিবন্ধে এ আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি ও গার্ডিয়ানের।

ফ্রান্সের ক্যালেতে অবস্থানরত কয়েক হাজার অভিবাসী কয়েক দিন ধরে রাতের বেলা চ্যানেল টানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করছেন। সাগরের তলা দিয়ে নির্মিত ওই দীর্ঘ টানেলের মাধ্যমে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ চালু রয়েছে। গত মঙ্গলবার ওই টানেল দিয়ে চলা ট্রাকে উঠে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় আফ্রিকার এক অভিবাসী মারা যান। জুন থেকে এ পর্যন্ত নয়জন অভিবাসী এভাবে মারা গেছেন।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে ও ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ গতকাল রোববার ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ-এ লেখা এক যৌথ নিবন্ধে বলেছেন, ‘চলমান পরিস্থিতি একটি বৈশ্বিক অভিবাসী-সংকট।...এই পরিস্থিতিকে কেবল আমাদের দুই দেশের বিষয় হিসেবে দেখা ঠিক হবে না। এটা ইউরোপীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে একটা অগ্রাধিকার।’
দুই স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, চলমান সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান খুঁজতে হবে। সেটা করতে হবে ইউরোপে অধিকতর উন্নত জীবনের আশায় অভিবাসী হতে চাওয়া লোকজনকে বোঝানোর মাধ্যমে। তাদের বোঝাতে হবে, ‘আমাদের রাস্তাগুলো স্বর্ণ দিয়ে বাঁধানো নয়’।
চলমান পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পুলিশকে সহায়তা করতে ক্যালেতে বাড়তি ৬০০ দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স। গত কয়েক দিনে অভিবাসীদের চ্যানেল পার হওয়ার চেষ্টার হার কমে এসেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা ও কঠোর ব্যবস্থা নিতে চান। এ বিষয়ে যুক্তরাজ্য ফ্রান্সের সঙ্গে একটি যৌথ পরিকল্পনা নিয়েছে।
যাজকের নিন্দা: অভিবাসন-প্রত্যাশীদের বিষয়ে ডেভিড ক্যামেরনের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেছেন ডোভারের বিশপ রাইট রেভ ট্রেভর উইলমট। ব্রিটিশ এ যাজক ক্যামেরনসহ জ্যেষ্ঠ রাজনীতিকদের ‘মানবিক’ হওয়ার আহ্বান জানান। ক্যামেরন গত বৃহস্পতিবার বলেন, অভিবাসীরা পালে পালে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছে।