ঝলমলে জীবন থেকে কট্টরপন্থায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসনা আইতবুলাসেন
হাসনা আইতবুলাসেন

ছিলেন পাশ্চাত্যের আধুনিক জীবনযাপন করা একজন নারী। পার্টি করাসহ বিভিন্ন আমোদপ্রমোদ ও বিনোদনে মেতে থাকতেন তিনি। সেই নারীই পরে ঝুঁকে পড়েন কট্টরপন্থায়।
হাসনা আইতবুলাসেন নামের এই নারী প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদের জ্ঞাতিবোন। তিনি নিহত হন গত বুধবার প্যারিসের উপকণ্ঠ সাঁ দোনিতে। সেখানে গত বুধবার পুলিশের হানা দেওয়া ফ্ল্যাটে গত বৃহস্পতিবার তৃতীয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।
আবদেলহামিদ আবাউদের নিহত হওয়ার বিষয়টি আগেই নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তারা। আর হাসনার নিহতের বিষয়টি নিশ্চিত করা হয় গতকাল শুক্রবার। সরকারি কৌঁসুলিরা বলেছেন, হাসনার পাসপোর্ট ও আঙুলের ছাপের ভিত্তিতে তাঁর পরিচয় নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।
২৬ বছর বয়সী হাসনা পুলিশের অভিযানের সময়ই নিজের শরীরের সঙ্গে বাঁধা বোমার বেল্টের বিস্ফোরণ ঘটান বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে এ কর্মকর্তারাই গতকাল এ তথ্যের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। তাঁদের ধারণা, সম্ভবত তৃতীয় ব্যক্তিই আত্মঘাতী হামলা চালিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।
আপন এক ভাইসহ পরিচিতজনেরা বলেছেন, হাসনা ছিলেন পাশ্চাত্যের আধুনিক জীবনযাপন করা একজন নারী। মাস ছয়েক আগে ধর্মীয় উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়েন হাসনা। তিনি বেড়ে ওঠার সময় যথাযথ পারিবারিক যত্ন পাননি। তাঁকে একপর্যায়ে অন্যরা লালনপালন করেন।
এদিকে মরক্কোর কর্তৃপক্ষ বলেছে, গত মাসে তারা আবদেলহামিদ আবাউদের ছোট ভাই ইয়াসিন আবাউদকে গ্রেপ্তার করে। পৈতৃক বাড়ি আগাদির শহরে আসার পর ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছিল।