সাঁড়াশি অভিযানে তিন দেশে গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্রাসেলস হামলায় জড়িত সন্ত্রাসীদের পাকড়াও করতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বেলজিয়ামের পুলিশ। অভিযান চলছে প্রতিবেশী ফ্রান্স আর জার্মানিতেও। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানি থেকে মোট ১০ জনকে পাকড়াও করা হয়েছে।
এদিকে ফ্রান্স বলেছে, ব্রাসেলস হামলাকারীদের সঙ্গে যোগসাজশ থাকা একটি চক্র ফ্রান্সে আবার বড় ধরনের হামলার ছক কষেছিল। অনেক দূর এগিয়ে যাওয়া সেই ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।
গত মঙ্গলবার ব্রাসেলসে বিমানবন্দর ও পাতালরেলে সন্ত্রাসী হামলায় ৩১ জন নিহত ও কয়েক শ আহত হয়। এ ঘটনায় পুরো ইউরোপে এবং এর বাইরেও বিভিন্ন দেশে নজরদারি বাড়ানো হয়।
ব্রাসেলসের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নগরের নিকটবর্তী শেয়ারবিক এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকের দাবি, অভিযানের সময় তাঁরা সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন। বেলজিয়ামের সংবাদমাধ্যম বলেছে, গতকাল ব্রাসেলসের কাছে ফরেস্ট নামের এক এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।
এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে রেদা ক্রিকেত নামের এক ফরাসি নাগরিককে প্যারিস থেকে আটকের পর সন্ধ্যায় প্যারিসের উত্তর-পশ্চিমের এক এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। এরপরই ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজন্যুভ বলেন, আটক ব্যক্তি একটি চক্রের সঙ্গে প্যারিসে বড় ধরনের হামলার ছক কষছিলেন। তবে সেই ছক নস্যাৎ করা হয়েছে।
ব্রাসেলস হামলার সঙ্গে সংশ্লিষ্টতা আছে বলে সন্দেহভাজন দুই ব্যক্তিকে জার্মানির ডুসেলডর্ফ থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে সামির নামের একজনের সঙ্গে ব্রাসেলসের মেট্রোস্টেশনে হামলাকারী খালিদ এল বকরাউয়ির যোগাযোগ ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিসি বলেছে, ব্রাসেলসের মেট্রোস্টেশনে যে দুই ভাই সন্ত্রাসী হামলা চালিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ তাদের সম্পর্কে আগেভাগেই ওয়াকিবহাল ছিল। তাদের ব্যক্তিগত তথ্য মার্কিন তথ্যভান্ডারে অনেক আগে থেকেই সংরক্ষিত ছিল। মার্কিন নথিতে ইব্রাহিম এল বকরাউয়ি ও খালিদ এল বকরাউয়িকে ‘হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। দুই দিন আগেই তুরস্ক বলেছে, তারা ইব্রাহিম এল বকরাউয়িকে গত বছরের জুন মাসে আটক করে নেদারল্যান্ডসে ফেরত পাঠিয়েছিল। সে সময় আঙ্কারা ব্রাসেলসকে ইব্রাহিমের ব্যাপারে সতর্ক হতে বলেছিল। কিন্তু ব্রাসেলস সতর্ক হয়নি। তুরস্ক বলেছে, তারা এ ব্যাপারে ডেনমার্ককেও সতর্ক করেছিল।
এ নিয়ে বিতর্ক শুরু হলে বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিচারমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেননি।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ এজেন্সি ইউরোপোলের পরিচালক রবার্ট ওয়েনরিট এএফপিকে বলেছেন, ইউরোপে জঙ্গিদের নেটওয়ার্ক যতখানি বিস্তৃত বলে তাঁরা আশঙ্কা করেছিলেন, এখন মনে হচ্ছে তা আরও অনেক বড়।
উদ্ভূত পরিস্থিতিতে ব্রাসেলস সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বৃহস্পতিবার বলেন, প্যারিস ও ব্রাসেলসে হামলার দায় স্বীকার করা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) ধ্বংস করা হবে।