সাঈদ আল সাহাফ, আপনাকে মনে পড়ে
ভদ্রলোককে খুব মনে পড়ে। দীর্ঘ শরীরে সামরিক পোশাক আঁটা, কোমরে পিস্তল। ঋজু কণ্ঠে ভরাট আত্মবিশ্বাস! নাম মোহাম্মদ সাঈদ আল সাহাফ।
আপনারা অনেকেই হয়তো সাঈদ আল সাহাফকে ভুলে গেছেন। কারণ, গত ১৭ থেকে ১৮ বছর ধরে তিনি কোনো আলোচনায় নেই।
যাঁরা ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন জোটের হামলা ও এর আগে-পরের ঘটনা স্মরণ করতে পারেন, তাঁদের কাছে সাঈদ আল সাহাফ অপরিচিত নন। তখন তিনি ছিলেন ইরাকের তথ্যমন্ত্রী। বাগদাদে প্রতিদিন এক নির্দিষ্ট সময়ে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করতেন তিনি।
একটি কথা প্রচলিত আছে, যেকোনো যুদ্ধে সবার আগে আহত হয় সত্য। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও তা স্পষ্ট। কোনো গণমাধ্যমই যুদ্ধের প্রকৃত চিত্র হাজির করতে পারছে না। কোনো কোনো গণমাধ্যম আবার ইচ্ছাকৃতভাবে বা তাদের নীতির কারণে বুঝেশুনে তথ্য সরবরাহ করছে। অপরদিকে, ইউক্রেন ও রাশিয়ার পক্ষ থেকেও নিয়মিত ব্রিফ করা হচ্ছে না। অথচ যুদ্ধ চলাকালে সংশ্লিষ্ট পক্ষগুলো নিয়মিতভাবে গণমাধ্যমকে তথ্য দেবে, এটা প্রত্যাশিত।
কামান দিয়ে কোনো স্থাপনা ধ্বংস করা কিংবা বিমান হামলা চালিয়ে কোনো সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার চেয়ে তথ্য দিয়ে যুদ্ধ চালানো কম গুরুত্বপূর্ণ নয়। তাই যেকোনো যুদ্ধ চলাকালে তথ্য খুবই স্পর্শকাতর এক বিষয়। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে সবাই সত্যবাদী যুধিষ্ঠিরের মতো গড় গড় করে সত্য বলে যাবে, তা প্রত্যাশিত নয়। সাঈদ আল সাহাফ ওই কাজটিই করেছিলেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী বাগদাদে ঢুকলেও সাহাফ দৃঢ়কণ্ঠে বলেছিলেন, পুরো বাগদাদ শহরে একটিও বিদেশি সৈন্য নেই। সব বাকোয়াজ। তিনি মার্কিন বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছিলেন, এটাই ভালো উপায়। না হলে আমরা তাদের কচুকাটা করব।
আন্তর্জাতিক গণমাধ্যমে কোয়ালিশন বাহিনীর বাগদাদ অভিমুখে অগ্রসর হওয়ার ভিডিও ফুটেজ প্রকাশিত হলেও সাহাফ বলেছিলেন, ‘ওটা হলিউডের কোনো মুভির দৃশ্য।’
এমনকি মার্কিন বাহিনী সাদ্দাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দখল করে নিলেও সাহাফ মুখ বাঁকিয়ে বলেছিলেন, ইরাকের সাহসী বাহিনী তাদের পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে। একদিন তিনি যেখানে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করছিলেন, তাঁর খুব কাছাকাছি মার্কিন সৈন্য চলে এলেও এক লহমায় তা উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘১০০ মাইলের মধ্যেও কোনো আমেরিকান সৈন্য নেই। পরাজিত সৈন্যরা বাগদাদের ফটকে একের পর এক আত্মহত্যা করছে। আমি তাদের আরও আত্মহত্যা করতে উৎসাহিত করছি।’
উপহাস করে মার্কিন মিডিয়া সাহাফের নাম দিয়েছিল ‘বাগদাদ বব’। আর ব্রিটিশ মিডিয়ার ভাষায়, ‘কমিক্যাল আলী’। বলা হয়ে থাকে, আলী হাসান আল মজিদ নামে এক ইরাকি জেনারেল ইরাকের উত্তরে কুর্দি জনগোষ্ঠীর ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের আদেশ দিয়েছিলেন। এরপর তাঁকে ‘কেমিক্যাল আলী’ নাম দেওয়া হয়। কেমিক্যাল আলী থেকেই সাহাফের নাম তারা দেয় কমিক্যাল আলী।
আন্তর্জাতিক গণমাধ্যমে কোয়ালিশন বাহিনীর বাগদাদ অভিমুখে অগ্রসর হওয়ার ভিডিও ফুটেজ প্রচারিত হলেও তিনি বলেছিলেন, ‘ওটা হলিউডের কোনো মুভির দৃশ্য।’
সাহাফ হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের সঙ্গেও তুলনীয় হয়েছেন। গোয়েবলস ১৯৩৩-৪৫ সাল পর্যন্ত নাৎসি জার্মানির প্রচার মন্ত্রণালয়ের প্রধান ছিলেন। বিদ্বেষপূর্ণ বক্তৃতা ও ইহুদিবিরোধী তৎপরতার জন্য তিনি কুখ্যাত ছিলেন।
সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, এই অস্ত্র ধংস করা বিশ্বশান্তির জন্য জরুরি, এমন ধুয়া তুলে বুশ জুনিয়র ও টনি ব্লেয়ার জুটি ইরাকের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন। যুদ্ধ শেষে দেখা গেল, ইরাকের কাছে এমন গণবিধ্বংসী কোনো অস্ত্রই নেই। সাদ্দাম এ ধরনের কোনো অস্ত্র মজুত করেননি।
এ ক্ষেত্রে বুশ আর ব্লেয়ারের যে অপরাধ, সে তুলনায় সাহাফের অপরাধ নস্যি। সাহাফ ইরাকের সাধারণ মানুষের আবেগকে কেবল প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন, ইরাকের সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষকে উদ্দীপ্ত করতে, তাদের মনোবল চাঙা রাখতে, মার্কিনদের প্রতি সাধারণ ইরাকিদের ক্ষোভ ধারণ করতে। সেই কাজটিই তিনি করেছেন দায়িত্বশীলতার সঙ্গে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এটা করতে গিয়ে তিনি যদি একটা দুটো মিথ্যার আশ্রয় নিয়েই থাকেন, তবে তাতে দোষের কী।
ওই সময় সাহাফ ইতিবাচক ও নেতিবাচক, উভয়ভাবে আলোচিত হয়েছিলেন। তাঁর নাম ও ছবি দিয়ে বিশ্বব্যাপী লাখো টি–শার্ট, মগ বাজারে আসে। ‘উই লাভ ইরাকি ইনফরমেশন মিনিস্টার’ নামে ওয়েবসাইট খোলা হয়। সাহাফ নিজেও মাঝেমধ্যে মজা করে ‘উই লাভ ইরাকি ইনফরমেশন মিনিস্টার’ কথাটি বলতেন।
তবে সাহাফের বক্তব্যের কারণে অনেকেই বিশ্বাস করেছিল, বাগদাদের পতন হয়তো হবে না। তবে সত্যিই ২০০৩ সালের ৯ এপ্রিল যেদিন বাগদাদের পতন হলো, সেদিন খবরটি অনেকের জন্যই বিস্ময় হয়ে এসেছিল।
এরপরও জোর দিয়ে বলতে হবে, সাহাফ কোনো ভণ্ড বা প্রতারক ছিলেন না। আমরা যদি তাঁর জীবনের পাতা উল্টিয়ে দেখি, সেখানে দেখা যায় লাইনে লাইনে একজন সংগ্রামী, লড়াকু মানুষের কথা লেখা।
২.
গত শতকের চল্লিশের দশকে জন্ম ইরাকি বাথ পার্টির। ‘বাথিজম’ একটা রাজনৈতিক আন্দোলনের নাম; যার দর্শন ছিল আরব বিশ্বকে একত্র করা, সব কটি আরব দেশ মিলে একটি শক্তিশালী দেশ গড়া।
সে সময় অনেক আরব তরুণকে আকৃষ্ট করেছিল বাথ পার্টি। সাহাফও সেই তরুণদের একজন; যিনি বাগদাদ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন।
উপহাস করে মার্কিন মিডিয়া তাঁর নাম দিয়েছিল ‘বাগদাদ বব’। আর ব্রিটিশ মিডিয়ার ভাষায় তিনি ‘কমিক্যাল আলী’।
চেয়েছিলেন ইংরেজির শিক্ষক হতে। তবে আকস্মিকভাবে বাথ পার্টির রাজনীতিতে নাম লেখান। সময়টা ১৯৬৩ সাল। ওই বছরই বাথ পার্টি ইরাকে ক্ষমতা দখল করে, আবার এক বছরের মাথায় সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ১৯৬৮ সালে পুনরায় ক্ষমতায় আসে। তখন বাথ পার্টির নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন সাদ্দাম হোসেন।
সাহাফের জন্ম বাগদাদের দক্ষিণে কারবালার কাছে হিলা শহরে। ইরাকের বেশির ভাগ মানুষের মতো তিনিও একজন শিয়া। তবে বাথ পার্টির নেতৃস্থানীয়রা ছিল সুন্নি। যদিও সাদ্দাম হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা হতে এটা কোনো বাধা ছিল না।
বাথ পার্টির রাজনীতিতে এসে সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন সাহাফ। বাগদাদ ব্রডকাস্টিং অ্যান্ড টেলিভিশন এজেন্সির পরিচালক হিসেবে ছয় বছর; ভারত, নেপাল ও মিয়ানমারে ইরাকের রাষ্ট্রদূত; এরপর ১৯৭৭ সালে জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করেন। মাঝে ইউরোপের দেশ ইতালি ও সুইডেনেও ছিলেন রাষ্ট্রদূত।
বাথ পার্টির নেতা হিসেবে ১৯৭৯ সালে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন। সাহাফ ছিলেন সাদ্দামঘনিষ্ঠ সেই গুটিকয় ব্যক্তির একজন; যারা সাদ্দামের জন্মস্থান তিকরিতের বাসিন্দা ছিলেন না।
১৯৯১ সালে ইরাকি সেনাবাহিনী রাতারাতি কুয়েত দখল করে। সাদ্দাম দাবি করেন, ঐতিহাসিকভাবে কুয়েত ইরাকেরই অংশ। কুয়েতের বাদশাহ যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। ক্ষমতায় তখন সিনিয়র বুশ। শুরু হয় প্রথম উপসাগরীয় যুদ্ধ। পরাজিত হন সাদ্দাম। সৈন্য প্রত্যাহার করে নেন।
প্রথম উপসাগরীয় যুদ্ধের পর ১৯৯৩ সালে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান সাহাফ। তখন তিনিই ছিলেন সাদ্দাম সরকারের প্রধান কূটনীতিক ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান মুখপাত্র। সেই সময় ইরাকের ওপর পশ্চিমাদের বড় ধরনের অবরোধ ছিল। সংকটে পড়ে দেশটির অর্থনীতি। বাংলাদেশসহ অনেক দেশের অভিবাসী শ্রমিকেরা চাকরি হারিয়ে স্বদেশে ফিরতে বাধ্য হন। ২০০১ সালে সাহাফকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল, সাহাফ অবরোধ ইস্যুতে সব আরব দেশের সমর্থন আদায় করতে পারেননি। বরং তাঁর আগের পররাষ্ট্রমন্ত্রী তারেক আজিজ ভালো কাজ করেছেন। সাহাফকে সরাতে সাদ্দামের বড় পুত্র উদে হোসেনের হাত ছিল বলে মনে করা হয়।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারসহ একাধিক স্থানে হামলা হয়। গুঁড়িয়ে যায় আমেরিকার গর্ব। বুশ বলেন, সাদ্দামের কাছে মারণাস্ত্র রয়েছে। এই অস্ত্র সন্ত্রাসীদের কাছে যেতে পারে। তাই ইরাককে অস্ত্রমুক্ত করো; চালাও হামলা। এভাবে ২০০৩ সালে শুরু দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। তখন সাহাফকে দেওয়া হয় তথ্যমন্ত্রীর দায়িত্ব। নিরাপত্তার কারণে সাদ্দাম সে সময় প্রকাশ্যে আসতেন না বললেই চলে।
অনেকে অভিযোগ করেন, সাদ্দাম বরাবর সাহাফের ব্যাপারে উদাসীন ছিলেন। এ কারণেই ঝুঁকিপূর্ণ সময়ে তাঁকে এ রকম একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন।
সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গেই পালন করেছিলেন সাহাফ। ওই বছরের ৮ এপ্রিল বাগদাদ পতনের আগের দিনও তিনি একই কায়দায় প্রেস ব্রিফিংয়ে হাজির হয়েছিলেন।
৩.
বাগদাদ পতনের পর দুই মাস পর্যন্ত সাহাফের কোনো খবর ছিল না। অনেকেই বিশ্বাস করেছিলেন, তিনি নিহত হয়েছেন। আবার কেউ বলেছিলেন, সাহাফ পালিয়েছেন। জুন মাসের শেষে তিনি দুটি আরব টেলিভিশনে সাক্ষাৎকার দেন। এতে জানান, তিনি মার্কিন বাহিনীর কাছে ধরা দেন। কয়েক সপ্তাহ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মুক্তি পান। একটি বই লিখবেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে সেই বই আর লেখা হয়েছে কি না, জানা যায় না। হয়তো হয়নি।
২০০৪ সালের দিকে সাহাফ সংযুক্ত আরব আমিরাতে বসবাস শুরু করেন। এরপর আর তাঁর খবর পাওয়া যায়নি। মারা গেলে নিশ্চয় আন্তর্জাতিক মিডিয়া খবর দিত। যদি বেঁচে থাকেন, তবে এখন তাঁর বয়স হবে ৮২ বছর।
যেখানেই থাকুন, ভালো থাকুন সাহাফ। ইতিহাসে একজন লড়াকু নেতা হিসেবেই আপনার স্থান থাকবে।
ই-মেইল: [email protected]