সাগরে শরণার্থী মৃত্যু অনেক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে শরণার্থীদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। আবহাওয়ার উন্নতির ফলে সম্প্রতি বিপজ্জনকভাবে নৌকায় করে সমুদ্রপথে ইউরোপে যাত্রা করার হার আবার বেড়ে গেছে। বাড়ছে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যাও। গতকাল মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হিসাবে, এই বছরে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আড়াই হাজারের বেশি মানুষের সলিলসমাধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি অনেক বেশি। ২০১৫ সালের প্রথম পাঁচ মাসে সাগর পাড়ি দিতে গিয়ে ১ হাজার ৮৫৫ জন শরণার্থী মারা যায়। ২০১৪ সালের প্রথম পাঁচ মাসে এই সংখ্যা ছিল মাত্র ৫৭।
এই বছরের প্রথম পাঁচ মাসে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে ২ লাখের বেশি শরণার্থী ও অভিবাসী। ২০১৫ সালের প্রথম পাঁচ মাসে ৯২ হাজার শরণার্থী সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছিল।
ইউএনএইচসিআর নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া শরণার্থীদের উদ্ধৃত করে জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে কয়েকটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৮৮০ জন মারা গেছে। ইউএনএইচসিআরের মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার আশঙ্কা প্রকাশ করেছেন, ২০১৬ সালের শরণার্থী মৃত্যুর হার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছতে যাচ্ছে। তিনি বলেন, তুরস্ক থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়া যায়। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়া যায়। এর মধ্যে লিবিয়া থেকে ইতালি পথে সাগরযাত্রা বেশি দীর্ঘ। এই পথেই মারা গেছে ২ হাজার ১১৯ জন শরণার্থী। অর্থাৎ এই পথে পাড়ি দেওয়া প্রতি ২৩ জন শরণার্থীর মধ্যে ১ জন নৌকাডুবিতে মারা যাচ্ছে। নিহত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।
সোমবার প্রকাশিত হওয়া আরেকটি শরণার্থী শিশুর মরদেহের মর্মস্পর্শী ছবি আলোড়ন তুলেছে। ভূমধ্যসাগর থেকে তুলে আনা মৃত শিশুর ছবিটি মনে করিয়ে দিচ্ছে তুরস্কের সৈকতে পড়ে থাকা সিরীয় শিশু আয়লান কুর্দির কথা। শিশুটির ছবি প্রকাশ করা জার্মানির মানবিক সহায়তা সংগঠন সি-ওয়াচ বলেছে, শরণার্থীদের প্রতি ইউরোপীয় নেতাদের দৃষ্টিভঙ্গি বদলাবে—এমন আশায় তা প্রকাশ করা হয়েছে।
নাম না জানা শিশুটি গত সপ্তাহে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মারা যায় বলে জানিয়েছে সি-ওয়াচ।