সাড়ে চার লাখ শরণার্থী গেছে জার্মানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্লিনের স্পানদাউ এলাকায় গতকাল একটি শরণার্থী শিবির পরিদর্শন করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এ সময় তাঁর সঙ্গে সেলফি তুলছেন এক শরণার্থী l ছবি: রয়টার্স
বার্লিনের স্পানদাউ এলাকায় গতকাল একটি শরণার্থী শিবির পরিদর্শন করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এ সময় তাঁর সঙ্গে সেলফি তুলছেন এক শরণার্থী l ছবি: রয়টার্স

জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত তাঁর দেশে ঢুকেছে প্রায় সাড়ে চার লাখ শরণার্থী। জার্মানির পার্লামেন্টে গতকাল বৃহস্পতিবার দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
এদিকে গতকালই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়া-সংক্রান্ত প্রস্তাব পাস করেছে ইইউ পার্লামেন্ট। খবর এএফপির।
গতকাল জার্মানির পার্লামেন্টে সিগমার গ্যাব্রিয়েল বলেন, গতকাল (বুধবার) পর্যন্ত জার্মানিতে নাম নিবন্ধন করেছে প্রায় সাড়ে চার লাখ শরণার্থী। এর মধ্যে এই চলতি মাসের প্রথম আট দিনেই এসেছে ৩৭ হাজার। গত আগস্ট মাসে আসে ১ লাখ ৫ হাজার। সেপ্টেম্বর মাসে শরণার্থীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং অন্যান্য দেশ থেকে সম্প্রতি দলে দলে শরণার্থী ইউরোপমুখী হওয়া শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ শরণার্থী নিয়ে এত বড় সংকটে পড়েনি। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান কমিশন সংস্থার ২৮টি সদস্য রাষ্ট্রকে ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে এর আগেই জার্মানি এ বছর আট লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। ইউরোপিয়ান কমিশনের প্রস্তাব সম্পর্কে গ্যাব্রিয়েল বলেন, ‘সত্যি কথা বলতে কি, জার্মানিতে যে হারে শরণার্থী আসছে, সে ক্ষেত্রে এই প্রস্তাবটি প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়। এটাকে মহাসাগরে এক ফোঁটা পানির সঙ্গেও তুলনা করা যেতে পারে।’

বার্লিনে গতকাল শরণার্থী শিশুদের মধ্যে খাবার বিতরণ করছেন একজন স্বেচ্ছাসেবী l ছবি: রয়টার্স
বার্লিনে গতকাল শরণার্থী শিশুদের মধ্যে খাবার বিতরণ করছেন একজন স্বেচ্ছাসেবী l ছবি: রয়টার্স


এদিকে গত বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল দেড় লক্ষাধিক শরণার্থী আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইইউয়ের প্রতি আহ্বান জানান। কোনো সংখ্যা বেঁধে না দেওয়ার জন্যও অনুরোধ করেন মেরকেল। তিনি বলেন, ‘আমরা কোটা বেঁধে দিয়ে এমনটা বলতে পারি না যে এর বাইরে কিছুই করার নেই।’
তবে মেরকেল কোটা পুনর্বিবেচনার প্রস্তাব দিলেও ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান জঁ-ক্লদ জাংকারের দেওয়া প্রস্তাবটি গতকাল বিপুল ভোটে পাস করে ইউরোপিয়ান পার্লামেন্ট। পক্ষে ভোট পড়ে ৪৩২টি, বিপক্ষে ১৪২টি। ৫৭ জন ভোটদানে বিরত থাকেন। তবে এ সিদ্ধান্ত মেনে চলার বিষয়টি স্বেচ্ছাধীন।
প্রস্তাব পাস করার পাশাপাশি পার্লামেন্টের সদস্যরা ইইউ, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলোর সমন্বয়ে শরণার্থী বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান। প্রস্তাব পাস হওয়ার পর ইইউ পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়, ইতালি, গ্রিস ও হাঙ্গেরি হয়ে আসা আশ্রয়প্রার্থীদের পুনর্বাসন এবং এর জন্য একটি স্থায়ী ব্যবস্থা করতে নতুন প্রস্তাব পাস করা হয়েছে।’
প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য জাংকার গত বুধবার ইইউয়ের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। গতকাল যে প্রস্তাব ইউরোপিয়ান পার্লামেন্টে পাস হলো, তা নিয়ে আগামী সোমবার জরুরি বৈঠকে বসছেন ইইউয়ের স্বরাষ্ট্রমন্ত্রীরা। এ প্রস্তাবে পূর্ব ইউরোপীয় দেশগুলোর আপত্তি আছে। তাদের সম্মতি পেতে ইইউ বিশেষ বৈঠক ডাকতে পারে।
গতকাল ইইউয়ের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনির প্রতি শরণার্থী বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানা ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা। ‘একটি একক বৈশ্বিক সহায়তা কৌশল নির্ধারণের’ জন্যই ওই বৈঠক চান তাঁরা।
গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, প্রতিবছর সর্বোচ্চ ৭০ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার যে সীমা নির্ধারণ করা আছে, তা আরও বাড়ানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং অন্য কর্মকর্তারা কংগ্রেসের সঙ্গে বৈঠক করবেন।