সান্তা ক্লজের সাজে নৈশ ক্লাবে হামলা, নিহত ৩৯
নতুন বছর উদ্যাপনের উৎসব চলাকালে তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নৈশ ক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। ওই বন্দুকধারী সান্তা ক্লজের পোশাকে ছিল।
নতুন বছর উদ্যাপনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সিডনি থেকে প্যারিস, রিও থেকে লন্ডন—বড় বড় সব শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। তুরস্কের নৈশ ক্লাব রেইনা ক্লাবে এ হামলা চালানো হয়। ইস্তাম্বুলে নিরাপত্তায় ছিল ১৭ হাজার পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঘটনা ঘটে। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। ওই নৈশ ক্লাবে ঢোকার মুখে একজন পুলিশ সদস্য ও বেসামরিক একজনকে গুলি করে বন্দুকধারী। এরপর ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় সেখানে প্রায় ৭০০ লোক অবস্থান করছিল।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সওলু বলেন, হামলাকারী পালিয়ে গেছে। দ্রুত হামলাকারীকে আটক করা যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, শিগগিরই বন্দুকধারী ধরা পড়বে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে ১৫ জনই বিদেশি। অন্য পাঁচজন তুরস্কের নাগরিক। আরও ৬৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বসফরাস প্রণালির তীরে ওই ঘটনাস্থল থেকে ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ শাহিন বলেন, নতুন বছরকে বরণ করে নিতে জড়ো হওয়া নিরপরাধ মানুষগুলোর ওপর ওই হামলাকারী নিষ্ঠুর ও নির্দয়ভাবে গুলি চালিয়েছে।
বার্তা সংস্থা দোগান জানায়, কয়েজন প্রত্যক্ষদর্শী দাবি করেছে, বন্দুকধারী ‘আরবি ভাষায়’ কথা বলছিল।
এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের মুখপাত্র এরিক স্কালজ এক বিবৃতিতে জানান, হামলার বিষয়টি জানার পর তুরস্ককে প্রয়োজনীয় সহায়তা দিতে মার্কিন নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।