সাফল্যের পেছনে মামুলি সাদা বোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ ধাঁধানো প্রযুক্তির এ সময়ে আন্তর্জাতিক সভা-সম্মেলন মানেই সর্বাধুনিক প্রযুক্তিপণ্যের সমারোহ। অথচ ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সাম্প্রতিক জটিল চুক্তিটি সম্পাদনে বাজিমাত করল একটা সামান্য সাদা বোর্ড! স্কুল-কলেজের শ্রেণিকক্ষে ব্যবহৃত হওয়া মামুলি ওই বোর্ডই নাকি ছিল সমঝোতার গোপন হাতিয়ার।
সুইজারল্যান্ডের লুজান শহরে টানা আট দিন আলোচনার পর তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে গত বৃহস্পতিবার একটি প্রাথমিক চুক্তি করতে সক্ষম হয় ইরান ও বিশ্বশক্তিরা। শেষ ঘণ্টাগুলো পর্যন্ত আলোচনা ছিল তুমুল উত্তেজনায় ঠাসা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উড়োজাহাজটি অন্তত তিনবার লুজান শহর ছাড়ার জন্য তৈরি করা হয়েছিল।
সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে—এমন দাবিতে অনড় ছিল ইরান। তবে একবারেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না এবং তেহরান প্রতিশ্রুতি মেনে চলছে, তা প্রমাণ করতে কঠোর পর্যবেক্ষণের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রও ‘হ্যাঁ’ বলতে রাজি নয়।
এমন পরিস্থিতিতে আলোচনাকে এগিয়ে নিতে সাদা বোর্ড ব্যবহারের ধারণা নিয়ে হাজির হন মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান। এই প্রক্রিয়াকে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন, ‘রুবিকস কিউব’ পদ্ধতি।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও তাঁর দলের সঙ্গে আলোচনার জন্য কেরি এবং ওয়েন্ডি যেমন এক কক্ষ থেকে আরেক কক্ষে গেছেন, তাঁদের পেছনে পেছনে ছুটেছে সাদা বোর্ডটিও।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওই সাদা বোর্ড ব্যবহারের কারণ ছিল এটা নিশ্চিত করা যে ইরানি এবং মার্কিন উভয় দলই চিত্রটা একইভাবে দেখতে পাচ্ছে। পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, সাদা বোর্ড ইরানি দলটির কাছেও আবেদন তৈরি করতে সক্ষম হয়। জন কেরি অবশ্য তাঁর নিজস্ব কায়দায় অবিচল ছিলেন। তিনি কাগজে লিখে রাখার ওপরেই ভরসা রাখেন।
একপর্যায়ে একজন আলোচক আলোচনার গোপন হিসাব-নিকাশ লেখার কাজে অমোচনীয় কালি ‘মার্কার’ ব্যবহার করলে রুদ্ধশ্বাস অবস্থারও সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে ধরা দেয় সফলতা। কেরি ও জারিফ এ সময়ে গুটিকয়েক আলোচক নিয়ে রাতভর দর-কষাকষি করেন। বলা হচ্ছে, শেষ পর্যন্ত উভয় পক্ষই ছাড় দেওয়ায় চুক্তিটি আলোর মুখ দেখেছে। সূত্র: এএফপি