ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ অভিবাসীদের ইউরোপে যাওয়া ঠেকাতে সামরিক অভিযানের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। লিবীয় জলসীমায় সশস্ত্র অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্র গুঁড়িয়ে দিতে জাতিসংঘের সমর্থন আদায়ে আজ সোমবার থেকে প্রচেষ্টা শুরু করছে তারা। খবর গার্ডিয়ানের।
বেলজিয়ামের ব্রাসেলসে ইইউর সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য একটি প্রস্তাবের খসড়া প্রস্তুত করছে যুক্তরাজ্য। প্রস্তাবটি পাসের মাধ্যমে পাচারকারীদের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমতি আদায়ের চেষ্টা করা হবে। এ ধরনের অভিযান পরিচালিত হবে অভিবাসীদের অন্যতম প্রধান গন্তব্য ইতালির নেতৃত্বে। এতে অংশগ্রহণ থাকবে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেনসহ ইইউভুক্ত কমবেশি ১০টি দেশের।
নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে আজ বক্তব্য দেবেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান এবং নিরাপত্তানীতি সমন্বয়ক ফেডারিকা মোঘারিনি। তিনি শক্তি প্রয়োগ অনুমোদন-সংশ্লিষ্ট ‘অনুচ্ছেদ সাত’ নিয়ে কথা বলবেন। এ-সংক্রান্ত ব্রিটিশ খসড়া প্রস্তাবটিতে ‘পাচারকারীদের ব্যবসার মডেল ধ্বংস করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ’ করার কথা আছে বলে মনে করা হচ্ছে।
প্রস্তাব অনুমোদিত হলে ইতালির অদূরে থাকা ভূমধ্যসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মাল্টায় মোতায়েন ব্রিটিশ রণতরী ‘এইচএমএস বুলওয়ার্ক’সহ ইইউর জাহাজগুলো লিবিয়ার জলসীমায় প্রবেশ করতে পারবে। ওই এলাকায় সামরিক হেলিকপ্টারও মোতায়েন করা হবে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিবাসীদের যেসব নৌযানে ইউরোপে পাঠানোর চেষ্টা করা হয়, এসব সামরিক সরঞ্জাম দিয়ে সেগুলো ‘নিষ্ক্রিয়’ করা হবে।
লিবিয়ার মিলিশিয়া বাহিনী ও জঙ্গি সংগঠনগুলো এভাবে মানব পাচারে জড়িত বলে মনে করা হয়। এ পাচারকারীরা লিবিয়ার উপকূল এলাকায় কামান ও বিমানবিধ্বংসী সরঞ্জামসহ ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে বলে বিভিন্ন খবরে জানা যায়। ইইউর রণতরীগুলোর ওপরে তারা আক্রমণ করলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
পাশ্চাত্যের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতান্তর থাকলেও চীন এবং রাশিয়া লিবিয়ার মানব পাচারকারীদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেবে না বলেই মনে করা হচ্ছে।
ভূমধ্যসাগর দিয়ে কয়েক দশক ধরেই অভিবাসীরা বিপজ্জনকভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ইরাক, সিরিয়া ও লিবিয়া সংকটের জের ধরে সাম্প্রতিক সময়ে এভাবে সাগর অতিক্রমের চেষ্টা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ গত ১৯ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবির ঘটনায় কমবেশি ৮৫০ অভিবাসীর মৃত্যু হয়। এ ঘটনার পর পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বড় ধরনের তোড়জোড় শুরু করেন ইউরোপের নেতারা।
ব্রাসেলসে কয়েক সপ্তাহ ধরে জোরদার আলোচনা শেষে ইইউর ২৮টি সদস্যদেশের মধ্যে ছয়টি দেশ এরই মধ্যে পাচারকারীদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আরও কয়েকটি দেশ শিগগিরই এমন প্রতিশ্রুতি দেবে বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পরিকল্পনাটি নিয়ে আলোচনা করা হবে।
সামরিক পদক্ষেপ নেওয়া এবং প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে গতকাল রোববার ফ্রান্সে বৈঠকে বসার কথা ছিল ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইতালি ও স্পেনের প্রতিরক্ষামন্ত্রীদের।