সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বিশ্বের সবচেয়ে বড় সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠা করা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের রস সাগরে। এ বিষয়ে ২৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা গতকাল শুক্রবার একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। রাশিয়া এত দিন বিরোধিতা করলেও শেষ পর্যন্ত এই চুক্তিতে রাজি হয়েছে। চুক্তি অনুযায়ী দক্ষিণ মহাসাগরের প্রায় ১৫ লাখ ৭০ হাজার বর্গকিলোমিটার এলাকা সংরক্ষিত থাকবে, যা যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মিলিত আকারের সমান। এর মধ্যে ১১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারে আগামী ৩৫ বছর বাণিজ্যিকভাবে মাছ ধরা যাবে না। পরিবেশবাদীরা এই সংরক্ষণ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এলাকাটি হবে পৃথিবীর সবচেয়ে অবিকৃত সামুদ্রিক বাস্তুসংস্থান। অস্ট্রেলিয়ার হোবার্টে কমিশন ফর দ্য কনজারভেশন অব অ্যান্টার্কটিক মেরিন লিভিং রিসোর্সেসের (সিসিএএমএলআর) বার্ষিক বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই অভয়ারণ্য নির্ধারণের সিদ্ধান্ত হয়।
এএফপি