সাহিত্যের নোবেল প্যাত্রিক মোদিয়ানোর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখলদার নাৎসি বাহিনীর অধীনে ফ্রান্সের মানুষের বেদনাদায়ক অভিজ্ঞতা এবং নিজ শৈশবের বিভিন্ন দুঃসহ স্মৃতি তাঁকে তাড়িয়ে বেড়ায়। সেই ইতিহাস আর আপন অনুভূতির মিশেলে তিনি তরুণ বয়স থেকেই লিখে চলেছেন। ফরাসি ভাষার এই লেখক প্যাত্রিক মোদিয়ানোর ‘স্মৃতির শিল্প’ এবার সুইডেনের নোবেল কর্তৃপক্ষের স্বীকৃতি অর্জন করেছে।
চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মোদিয়ানোর নাম গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছে সুইডিশ একাডেমি। এই গৌরবময় অর্জনের পর তাঁকে ‘উষ্ণতম অভিবাদন’ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। নোবেল কর্তৃপক্ষের ভাষ্য, ফ্রান্সে ১৯৪০ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত জার্মান দখলদারির সময় সাধারণ মানুষের জীবনের গল্প নিজের বিভিন্ন লেখায় নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন মোদিয়ানো। ‘স্মৃতির শিল্প’ দিয়ে তিনি মানুষের ভাগ্যের সেই সব দিক বর্ণনা করেছেন, যেগুলো মুঠোয় ধরা সবচেয়ে কঠিন।
নোবেল জয়ের দৌড়ে মোদিয়ানো পেছনে ফেলেছেন কেনিয়ার লেখক নগুগি ওয়া থিয়োঙ্গো, জাপানের লেখক হারুকি মুরাকামি, বেলারুশের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক সোয়েলনা এলেক্সিয়েভিচ এবং সিরিয়ার কবি আদোনিসকে। সুইডিশ একাডেমির স্থায়ী সচিব পিটার ইংলান্ড বলেন, মোদিয়ানোর অনেক বই যেন পরস্পরের সঙ্গে কথা বলে, একটি অপরটির প্রতিধ্বনি করে। এসব বইয়ে রয়েছে স্মৃতি, পরিচয় ও অনুসন্ধান। তাঁর লেখা ছোট ছোট বইয়ে নানা বৈচিত্র্যের মধ্যেও ঘুরেফিরে এসেছে একই আখ্যানবস্তু: স্মৃতির কথা, ক্ষয়ক্ষতির কথা, পরিচয়ের কথা, অনুসন্ধানের কথা। তাঁকে এই সময়ের মার্সেল প্রুস্ত (বিখ্যাত ফরাসি লেখক) বলা যেতে পারে।
মোদিয়ানো ফ্রান্সে সবচেয়ে সমাদৃত লেখকদের একজন। তিনি দেশটির শীর্ষ সাহিত্য পুরস্কার প্রি গঁকুর পেয়েছেন ১৯৭৮ সালে। পরবর্তী তিন দশক ধরে বেশ কয়েকটি উপন্যাস লিখে তিনি সাহিত্যিক হিসেবে নিজের জাত চিনিয়েছেন। নিজ সাহিত্যজীবন সম্পর্কে ফ্রান্স টুডেকে বলেন, ‘আসলে, আমি কখনো অন্য কিছু করার কথা ভাবিনি। আমার কোনো ডিপ্লোমা ছিল না, অর্জনের জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্যও ছিল না। তবে তরুণ লেখক হিসেবে শুরু করাটা কঠিন। আমি নিজের প্রথম দিককার বইগুলো না পড়তেই পছন্দ করি। তার মানে এই নয় যে আমি সেগুলো অপছন্দ করি, তবে এসব লেখায় আমি নিজেকে চিনতে পারি না... নিজেকে তরুণ অবস্থায় দেখতে একজন প্রবীণ অভিনেতার যেমন অনুভূতি হয়।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালের ৩০ জুলাই প্যারিসের বুলন শহরতলিতে জন্ম মোদিয়ানোর। বাবা আলবার্তো মোদিয়ানো ছিলেন একজন ইতালীয় ইহুদি। আর মা লুইজা কোলপেন ছিলেন একজন ফ্লেমিশ (বেলজিয়াম) অভিনেত্রী। মোদিয়ানোর প্রথম উপন্যাস লা প্লাস দো লেতোয়াল প্রকাশিত হয় ১৯৬৮ সালে। তখন তাঁর বয়স মাত্র ২২ বছর। এখনো লিখে চলেছেন তিনি। সর্বশেষ বইটি প্রকাশিত হয়েছে চলতি মাসে। শিশুদের জন্যও লিখেছেন। ইংরেজিতে অনূদিত তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে রু দে বুতিক অবসকিউর (দ্য মিসিং পারসন), ভয়্যাজ দো নোস (হানিমুন), লা রন্দ দো নুই (নাইট রাউন্ডস), দু প্লু লোয়াঁ দো লুবলি (আউট অব দ্য ডার্ক), দোরা ব্রুদার (দ্য সার্চ ওয়ারেন্ট), লে বুলভার্দ দো সোন্তিউ (রিং রোডস: অ্যা নোভেল)। লাকোম্ব লুসিয়াঁ নামের একটি ফরাসি চলচ্চিত্রের চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মোদিয়ানো। তাঁর উপন্যাসগুলো অন্তত ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।
তরুণ বয়সেই প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দিয়ে লিখতে শুরু করেন মোদিয়ানো। তিনি জন্মের আগের স্মৃতিও লেখার মধ্যে তুলে ধরতে পারেন বলে দাবি করেছেন। নিজের লেখার ধরন সম্পর্কে উনিশ শতকের ফরাসি লেখক স্তন্দালকে উদ্ধৃত করে মোদিয়ানো বলেন, ‘আমি ঘটনার বাস্তবতা দিতে পারি না, শুধু ছায়াটাকে উপস্থাপন করতে পারি।’
মোদিয়ানোর বিভিন্ন বইয়ের সম্পাদক অঁতোয়ান গ্যালিমার্দ এএফপিকে বলেন, নোবেল জয়ের খবরে মোদিয়ানো ‘অত্যন্ত আনন্দিত’ হয়েছেন। তবে স্বভাবসুলভ বিনয় প্রকাশ করে তিনি বলেছেন, ঘটনাটি ‘অদ্ভুত’।
সূত্র: এএফপি, রয়টার্স, বিবিসি, এপি, টেলিগ্রাফ ও ইনডিপেনডেন্ট।