
সিরিয়া পরিস্থিতি নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল শুক্রবার বিশ্বশক্তি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক হয়েছে। আট ঘণ্টার বৈঠক শেষে বিশ্বনেতারা বলেছেন, সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানের ইস্যুতে ‘অগ্রগতি’ হয়েছে। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে সব পক্ষ একমত হতে পারেনি।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাশারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে একমত হলেও ইরান ও রাশিয়া এ ব্যাপারে এখনো সম্মত হয়নি। খবর বিবিসির।
আগামী দুই সপ্তাহের মধ্যে আবার সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠকে বসার কথা। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি বলেছেন, এই বৈঠকের মধ্য দিয়ে সিরিয়ায় জাতিসংঘের নেতৃত্বে শান্তি কার্যক্রম শুরু করার আনুষ্ঠানিক প্রেক্ষাপট তৈরি হলো।
বৈঠক শেষে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়াস বলেন, তাঁরা বেশির ভাগই একমত হয়েছেন, ভবিষ্যৎ সিরিয়ায় বাশার আল আসাদের জায়গা হওয়া উচিত হবে না। তবে অন্যরা, বিশেষ করে ইরান এই বিষয়ের সঙ্গে ভিন্নমত পোষণ করে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বৈঠকের দিনটিকে ‘অত্যন্ত মূল্যবান’ বলে অভিহিত করেছেন।
বৈঠকে মূলত যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর মধ্যে দূরত্ব ঘোচানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাশার আল-আসাদের বিরোধীদের সমর্থক এসব দেশ দামেস্কে রাজনৈতিক পরিবর্তন ঘটানোর মধ্য দিয়ে গৃহযুদ্ধের অবসান চায়। তবে বাশারের মিত্র রাশিয়া ও ইরান বলছে, দামেস্কের সরকার পরিবর্তনের বিষয়টি সিরিয়ার জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত।
সিরিয়া নিয়ে আলোচনায় এই প্রথম দেশটির বিদ্রোহী যোদ্ধাদের সমর্থক গুরুত্বপূর্ণ দেশগুলো একসঙ্গে যোগ দেয়। বৈঠকে প্রথমবারের মতো ইরানের অংশগ্রহণের ফলে সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার হয়।
ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল শেখ আহমেদ এএফপিকে বলেন, সংলাপে ইরানের অংশগ্রহণের ফলে দেশটির সঙ্গে সৌদি আরবসহ উপসাগরীয় আরব দেশগুলোর আলোচনা শুরু হওয়ার সুযোগ রয়েছে।
সিরিয়ায় ‘পরিবর্তনের’ জন্য ছয় মাস সময় দিতে চায় ইরান। রয়টার্স জানায়, ভিয়েনায় তেহরানের প্রতিনিধিরা গতকাল এমনই ইঙ্গিত দিয়েছেন। তাঁদের মতে, ছয় মাসের ওই পর্যায় শেষে সিরিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বাশারের ভবিষ্যৎ নির্ধারণ করা যেতে পারে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রাবকভ গতকাল বলেছেন, সিরিয়া সরকারের সম্মতি ছাড়া দেশটিতে অন্য কোনো দেশ অভিযান চালাতে পারে না। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইরান, মিসর ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছে। রাশিয়া ও ইরান সম্প্রতি সিরীয় যুদ্ধে সামরিকভাবে জড়িয়ে পড়েছে। সেখানে মস্কো সরকারি বাহিনীর সমর্থনে বিমান হামলা চালাচ্ছে। সরকারপন্থীদের সমর্থন দিচ্ছে তেহরানও। অন্যদিকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব এবং উপসাগরীয় অন্য দেশগুলো প্রেসিডেন্ট বাশারকে উৎখাত করতে চায়।
সিরিয়ায় নিহত ৪০: সরকারি বাহিনীর রকেট হামলায় দামেস্কের কাছে দুমা এলাকায় অন্তত ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল এ কথা জানিয়েছে।