সিরিয়ায় আইএসের ৯ স্থাপনায় রুশ বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার জানিয়েছে, আগের চব্বিশ ঘণ্টায় সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) নয়টি স্থাপনায় আঘাত হেনেছে মস্কোর যুদ্ধবিমান। খবর এএফপির।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে অভিযোগ তুলেছে, সিরিয়ায় হামলা চালানো রুশ যুদ্ধবিমান তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, রাশিয়ার যুদ্ধবিমান গত ২৪ ঘণ্টায় ২৫ বার আইএসের নয়টি স্থাপনায় হামলা চালায়। হোমস, লাতাকিয়া ও ইদলিবে আইএসের কমান্ড সেন্টার, যোগাযোগ চৌকি ও অস্ত্রভান্ডারে এসব হামলা হয়েছে।
রাশিয়া গত বুধবার সিরিয়ায় বিমান হামলা চালানো শুরু করে। তুরস্কের অভিযোগ: বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সিরিয়ায় হামলা চালানো রাশিয়ার একটি যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে। ওই যুদ্ধবিমানকে তুর্কির দুটি এফ-১৬ বিমান ধাওয়া করে বলেও দাবি করে তুরস্ক। এ ঘটনার প্রতিবাদ জানাতে তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে আঙ্কারা।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন করা হলে সামরিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সশস্ত্র বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া আছে।