সিরিয়ায় গৃহযুদ্ধ থামাতে মস্কোয় সংলাপ শুরু
সিরিয়ার বিরোধী পক্ষের নেতারা গতকাল সোমবার থেকে রাশিয়ার মস্কোয় সংলাপ শুরু করেছেন। চার দিনের এই সংলাপের লক্ষ্য, প্রায় চার বছরের সিরীয় গৃহযুদ্ধের অবসানের উপায় খোঁজা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রতিনিধিরা এতে যোগ দিচ্ছেন। তবে থাকছেন না নির্বাসিত প্রধান বিরোধী জোটই। খবর এএফপির।
রাশিয়ার একটি কূটনৈতিক সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে বলেছে, রুদ্ধদ্বার এ বৈঠক পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সময় গতকাল বেলা ১১টা (গ্রিনিচ মান সময় সকাল আটটা) থেকে মস্কোয় শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আলোচনা চলবে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেন, ‘(সিরিয়ার বিরোধী পক্ষের) প্রায় ২৫ জন পৌঁছেছেন। আমি মনে করি, সংখ্যাটা ৩০ জনের মতো হবে।’
সংলাপে সিরিয়ার সরকারি দলটির নেতৃত্বে থাকছেন জাতিসংঘে সিরীয় রাষ্ট্রদূত বাশার জাফরি। তিনি আগামীকাল বুধবার সংলাপে যোগ দেবেন বলে সরকারপন্থী একটি সংবাদপত্র জানিয়েছে।
বাশার সরকারের সবচেয়ে প্রভাবশালী সমর্থক রাশিয়া সিরীয় সংকটে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে নিজের গ্রহণযোগ্যতা উজ্জ্বল করার প্রত্যাশা করছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ গত সপ্তাহে আশা প্রকাশ করে বলেছিলেন, মস্কো বৈঠকে এমন ‘রসায়ন’ দেখা যাবে, যা সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মুসতারাকে একটি নতুন শান্তি সম্মেলন আয়োজনের পথ দেখাবে।
সংলাপ ‘গঠনমূলক’ থাকলে লাভরভ বুধবার বিরোধী গ্রুপগুলোর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বোগদানভ। তবে বিরোধী গ্রুপগুলোর প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশন মস্কো সংলাপে যোগ না দেওয়ায় তেমন পরিবেশ সৃষ্টি হওয়া নিয়ে সংশয় রয়েছে। রাশিয়া এখনো বাশার সরকারের গুরুত্বপূর্ণ মিত্র—এ বিষয়টি উল্লেখ করে জোটের একটি সূত্র বলেছে, ‘যেকোনো ধরনের সংলাপ হতে হবে নিরপেক্ষ কোনো দেশে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে।’