সিরিয়ায় টানা রুশ বিমান হামলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া গতকাল শুক্রবার টানা তৃতীয় দিনের মতো সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। মস্কোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বলেছেন, এ হামলা তিন থেকে চার মাস ধরে চলতে পারে। এদিকে সিরিয়ায় রুশ বিমান হামলা অবিলম্বে বন্ধ করার জন্য আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোট আহ্বান জানিয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের দমনের লক্ষ্যে গঠিত ওই জোট গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার ওই হামলায় সিরিয়ায় সন্ত্রাসবাদ ও কট্টরপন্থা আরও তীব্র হবে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই জোটে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, সৌদি আরব ও কাতার। তুরস্ক, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, রুশ হামলায় সিরিয়ার বিদ্রোহী ও বেসামরিক মানুষজনকে আঘাত করা হচ্ছে। রাশিয়ার উচিত আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্ব দেওয়া।
সিরিয়ায় কেবল আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে বলে রাশিয়া জোরালোভাবে দাবি করলেও তুরস্কসহ পশ্চিমা ওই জোটের কয়েকটি সদস্যরাষ্ট্র অভিযোগ করেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত উদারপন্থী সংগঠনের লোকজনও রুশ হামলার শিকার হচ্ছে।
রয়টার্সের খবরেও বলা হয়, সিরিয়ার যেসব জায়গায় আইএসের উপস্থিতি নেই, সেখানে রাশিয়ার বিমান থেকে হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাশার আল-আসাদের শত্রুপক্ষকে এ হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। আসাদবিরোধী এসব সংগঠনের মধ্যে অন্তত একটিকে সিআইএ প্রশিক্ষণ দিয়েছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তিই আইএসকে তাদের অভিন্ন শত্রু বলে ঘোষণা দিয়েছে। সুন্নি জিহাদিদের সংগঠনটি সিরিয়া ও ইরাকের একটি বড় অংশজুড়ে ‘খিলাফত’ ঘোষণা করেছে। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে একমত হলেও সিরিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। ওই যুদ্ধে অন্তত আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছে।
ওলাঁদ-পুতিন বৈঠক: ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে ভ্লাদিমির পুতিন গতকাল প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সিরিয়ায় সামরিক অভিযানে মস্কোকে সহায়তার ব্যাপারে প্যারিস তিনটি শর্ত দিয়েছে: আইএস ও আল-কায়েদা ছাড়া আর কারও ওপর হামলা করা যাবে না, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট আসাদকে দামেস্কের ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।
১২ জিহাদি নিহত: যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাশিয়ার প্রথম দফা হামলায় সিরিয়ায় আইএসের ১২ জঙ্গি নিহত হয়েছে। দেশটির রাকা, আলেপ্পো, ইদলিব ও হামা প্রদেশে হামলা চালানোর কথা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার নিশ্চিত করে। সিরিয়ার সামরিক বাহিনী জানায়, রাশিয়া গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশটিতে ১৮ বার বিমান হামলা চালিয়েছে। এসবের বেশ কয়েকটি ছিল হামা ও ইদলিবে, যেখানে আইএসের উপস্থিতি কম।