সিরিয়ায় বিমান ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়ার লাতাকিয়া শহরে দেশটির মিত্র রাশিয়া বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। লাতাকিয়ায় রাশিয়ার সাম্প্রতিক তৎপরতা এমন ইঙ্গিতই দিচ্ছে বলে মন্তব্য করেছেন পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস। এদিকে সিরিয়ায় রাশিয়ার সামরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস গত সোমবার বলেন, উপকূলীয় শহর লাতাকিয়ায় রাশিয়া লোকবল ও নানা ধরনের সরঞ্জাম জড়ো করেছে।
ডেভিস বলেন, ‘আমরা সম্প্রতি দেখেছি রাশিয়া লাতাকিয়ায় লোকলস্কর ও নানা সরঞ্জাম পাঠিয়েছে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তারা সেখানে বিমান ঘাঁটি তৈরি করতে চায়।’
রাশিয়ার সামরিক সহযোগিতা পেয়ে গৃহযুদ্ধে নাজুক অবস্থানে থাকা একনায়ক বাশার আল আসাদ আরও সংহত হবেন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। আর এর ফলে দেশটিতে একটি রাজনৈতিক সমঝোতা তৈরির সাম্প্রতিক প্রয়াস ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে তারা।
সিরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যমে সম্প্রতি খবর বেরোয়, রাশিয়ার দুটি পরিবহন উড়োজাহাজে ৮০ টন ত্রাণসামগ্রী দেশটিতে পৌঁছেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশহেনিকভ অবশ্য বলেছেন, রাশিয়া উড়োজাহাজে যেসব সামগ্রী পাঠিয়েছে সেগুলোতে শরণার্থীশিবির নির্মাণের সামগ্রী ছিল।
গতকাল মঙ্গলবার তাজিকিস্তানে প্রতিরক্ষাসংক্রান্ত এক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া যদি সিরিয়ার সরকারকে সহযোগিতা না দিত তাহলে ইউরোপমুখী শরণার্থীদের স্রোত আরও বড় হতো। তিনি আরও বলেন, ‘সিরিয়াকে সামরিক কারিগরি সমস্ত রকম সহযোগিতা দিচ্ছি এবং দিয়ে যাব।’