সিরিয়ায় রাশিয়ার দূতাবাসে গোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দামেস্কে রাশিয়ার দূতাবাস ভবন চত্বরে গতকাল মঙ্গলবার দুবার গোলাবর্ষণ করা হয়েছে। জঙ্গিরা রুশদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার আহ্বান জানানোর পর এই হামলা হলো। এ ঘটনার পর মস্কো বিমান হামলা তীব্রতর করেছে। এদিকে সিরিয়ায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রকে তুলাধোনা করেছেন রুশ প্রেসিডেন্ট। খবর এএফপি ও রয়টার্সের।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসলামপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে দামেস্কের রুশ দূতাবাসে রকেট ছোড়া হয়। তখন সেখানে সিরিয়ায় রুশ হামলার সমর্থনে সমাবেশ চলছিল। এ হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, এটা সন্ত্রাসীদের কাজ। হামলাকারীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়ার অভিযানে বাধার সৃষ্টি করতে চায়। এ জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করা হবে।
সিরিয়ায় ২০১১ সাল থেকে চলমান গৃহযুদ্ধে বিদ্রোহীদের কাউকে কাউকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীকে সাহায্য করছে রাশিয়া।
বিদ্রোহীদের জন্য মার্কিন অস্ত্র: মার্কিন বিমান থেকে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহীদের জন্য গত রোববার ছোটখাটো অস্ত্র ও গোলাবারুদ ফেলা হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার বিদ্রোহী সংগঠনগুলোকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র নতুন কৌশল অবলম্বনের যে ঘোষণা গত সপ্তাহে দিয়েছে, তা বাস্তবায়নের অংশ হিসেবেই বিমান থেকে অস্ত্রশস্ত্র ফেলা হয়। তবে রাশিয়া বলেছে, এসব অস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর হাতেই পৌঁছাবে।
আল-কায়েদার আহ্বান: রুশ নাগরিকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর আহ্বান জানিয়েছে সিরিয়ায় আল-কায়েদার শাখা আল-নুসরা ফ্রন্ট। সোমবার রাতে প্রচারিত এক অডিও বার্তায় এই আহ্বান জানায় তারা।
প্রচণ্ড রুশ বিমান হামলা: দূতাবাসে গোলাবর্ষণের প্রেক্ষাপটে সিরিয়ায় রুশ বিমান হামলা তীব্রতর করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা ‘সন্ত্রাসী’দের ৮৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত ৩০ সেপ্টেম্বর বাশারবিরোধীদের ওপর বিমান হামলা শুরুর পর এক দিনে এটাই সর্বোচ্চসংখ্যক হামলার ঘটনা।
যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা: সিরিয়ায় মস্কোর তৎপরতায় সহযোগিতা করতে ‘অস্বীকৃতি জানানোয়’ যুক্তরাষ্ট্রকে তুলাধোনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে ওয়াশিংটনের অস্বীকৃতি জানানোর কথা উল্লেখ করে মস্কোতে তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের কিছু অংশীদারের মাথায় কিচ্ছু নেই। সেখানে একসঙ্গে কাজ করা কীভাবে সম্ভব?’
ওয়াইপিজির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ: মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, সিরিয়ায় কুর্দিদের বিদ্রোহী সংগঠন বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে। তবে ওয়াইপিজির একজন মুখপাত্র এসব অভিযোগকে ‘অসত্য’ আখ্যা দিয়েছেন।
এদিকে আইএস গতকাল তাদের দ্বিতীয় প্রধান আবু মুতাজ আল-কুরাশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনের এক মুখপাত্র এক অডিও বার্তায় বলেন, এ বছরই কিছুদিন আগে কুরাশির মৃত্যু হয়। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, ১৮ আগস্ট ইরাকের মসুল শহরের কাছে বিমান হামলায় নিহত হন কুরাশি।