সিরিয়ায় রুশ বাহিনীকে 'কঠোর' হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রুশ বাহিনীর সুরক্ষার জন্য সেনানায়কদের ‘অত্যন্ত কঠোর’ হতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি গতকাল শুক্রবার এ নির্দেশনা দেন। খবর রয়টার্সের।
পুতিনের ওই ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হয়। এতে তিনি বলেন, রুশ বাহিনীর জন্য হুমকি মনে হলে যেকোনো লক্ষ্যের ওপর হামলা চালিয়ে ‘অবিলম্বে ধ্বংস’ করতে হবে। যাঁরা রাশিয়ার কর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের উসকানি দেওয়ার চেষ্টা করে, তাঁদের সতর্ক করে দেওয়া হচ্ছে।
কারা এ রকম হুমকি হতে পারে, তার বিশদ ব্যাখ্যা দেননি পুতিন। তবে রাশিয়ার একটি যুদ্ধবিমান সম্প্রতি তুর্কি ক্ষেপণাস্ত্রের হামলায় ভূপাতিত হওয়ার পর থেকে মস্কো ও আঙ্কারার সম্পর্কের বেশ অবনতি হয়েছে। তাই পুতিনের ওই মন্তব্য তুরস্কের উদ্দেশে বলেই ধরে নেওয়া হচ্ছে। সিরিয়ায় অভিযান চালাতে মোতায়েন ওই রুশ যুদ্ধবিমান তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছিল বলে আঙ্কারা দাবি করলেও রাশিয়া তা স্বীকার করেনি।
পুতিন আরও বলেন, রাশিয়া কোনো অস্পষ্ট ভূরাজনৈতিক স্বার্থের জন্য কাজ করছে না। নতুন অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির মহড়া চালানোও মস্কোর উদ্দেশ্য নয়। হুমকি থেকে রাশিয়াকে রক্ষা করাই এ অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
রাশিয়া গত সেপ্টেম্বরে সিরিয়ায় বিমান হামলা শুরু করে। মস্কো বলেছে, তাদের মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধে জঙ্গিদের দমনে এ অভিযান চালানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, জঙ্গিবাদী নয়; বরং আসাদবিরোধী উদারপন্থী সংগঠনগুলোর ওপরই হামলা করছে রাশিয়া।
সামরিক বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে পুতিন আরও বলেন, সিরিয়ার সন্ত্রাসীরা রাশিয়ার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার ভেতরে অবস্থিত রুশ সামরিক ঘাঁটিতে বিমান শাখা এবং প্রতিরক্ষা উপকরণ যুক্ত করা হয়েছে। সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য যেসব দেশের প্রকৃত সদিচ্ছা রয়েছে, তাদের সঙ্গে রাশিয়াকে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।