সিরিয়া থেকে দেশে ফিরে গেছে রুশ যুদ্ধবিমান
সিরিয়া থেকে রাশিয়ার অধিকাংশ সেনা প্রত্যাহার করা হলেও জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা প্রত্যাহারের আকস্মিক ঘোষণার পর এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রথম রুশ যুদ্ধবিমানের বহর দেশে ফেরত যায়।
রাশিয়ার সেনা প্রত্যাহারের এ পদক্ষেপ সিরিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে জেনেভায় গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চলা শান্তি আলোচনাকে বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার রাতে সিরিয়া থেকে অধিকাংশ রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। পরদিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ার এক রুশ ঘাঁটি থেকে এসইউ-৩৪ ও টিইউ ১৫৪ বিমানের দুটি বহর স্বদেশের উদ্দেশে রওনা হয়েছে। তবে গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেন, পরিকল্পিত সেনা প্রত্যাহার সত্ত্বেও রাশিয়ার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা এস ৪০০ সিরিয়া থেকে ফেরত নেওয়া হচ্ছে না।
এদিকে সিরিয়াবিষয়ক জাতিসংঘ প্রতিনিধি স্টেফান ডি মিসতুরা বলেছেন, রাশিয়ার সেনাদের ফেরত নেওয়ার উদ্যোগ জেনেভায় সোমবার শুরু হওয়া শান্তি আলোচনার জন্য ‘উল্লেখযোগ্য অগ্রগতি’। শান্তি আলোচনায় এর ইতিবাচক প্রভাব পড়বে বলে এক বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিরিয়ার বাশার সরকারের অন্যতম সমর্থক রাশিয়ার সেনা প্রত্যাহারে চলমান শান্তি আলোচনায় আসাদ সরকারের ওপর চাপ তৈরি হবে বলেও ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গতকাল শান্তি আলোচনার দ্বিতীয় দিনে জাতিসংঘ প্রতিনিধি মিসতুরার সিরিয়ার বিরোধী পক্ষ হাই নেগোসিয়েশনস কমিটির (এইচএনসি) প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা ছিল।