সিরিয়া থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের নির্দেশ পুতিনের

গৃহযুদ্ধকবলিত সিরিয়া থেকে রাশিয়ার সেনাসদস্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার থেকেই এ প্রত্যাহার শুরু করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে গতকাল সোমবার নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুকে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত দায়িত্ব সার্বিকভাবে সম্পন্ন হয়েছে। তাই সিরিয়ায় মোতায়েন আমাদের সেনাদের কাল (আজ) থেকে প্রত্যাহার শুরুর নির্দেশ দিয়েছি।’
ক্রেমলিন বলেছে, বিস্ময়কর এ সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানাতে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ডেকেছেন পুতিন।
এদিকে, সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল শুরু হয়েছে সিরিয়া-বিষয়ক শান্তি আলোচনা। এই আলোচনাকে ‘সত্যের মুখোমুখি হওয়ার প্রচেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন সিরিয়ার জাতিসংঘ ও আরব লিগ প্রতিনিধি স্টেফান ডি মিসতুরা। সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত এ শান্তি আলোচনা শুরু হওয়ার আগে মিসতুরা বলেন, ‘প্রধান ইস্যু হলো রাজনৈতিক পরিবর্তন এবং এর একমাত্র বিকল্প যুদ্ধে ফেরত যাওয়া।’
গতকাল সিরিয়ার যুদ্ধ পাঁচ বছরে পড়ল। গত ফেব্রুয়ারির শেষে কার্যকর হওয়া অস্থিতিশীল আংশিক যুদ্ধবিরতির ওপরই এখন পর্যন্ত ভরসা করছেন কূটনীতিকেরা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতায় থাকা প্রশ্নে দেশটির সরকার ও বিরোধী পক্ষের বিপরীতমুখী অবস্থানের প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বলেন, দামেস্ক (সিরীয় সরকার) কর্তৃপক্ষ শান্তি আলোচনা প্রক্রিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আলোচনা শুরুর প্রাক্কালে গত রোববার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন কেরি।
এর আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুল্লায়েম গত শনিবার বাশার আল-আসাদের ভবিষ্যৎ প্রশ্নে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দেন। কিন্তু দেশটির প্রধান বিরোধীরা চান, প্রেসিডেন্ট বাশারকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। জেনেভায় উপস্থিত আসাদবিরোধীদের জোট হাই নেগোসিয়েশনস কমিটির (এইচএনসি) প্রধান মোহাম্মদ আলাউশ বলেন, বাশার আল-আসাদকে বাদ দিয়েই অন্তর্বর্তী সরকার গঠন হতে হবে। আসাদকে যেতেই হবে, তা সে জীবিত হোক বা মৃত।
জেনেভায় কোনো পক্ষই সামনাসামনি আলোচনা করছে না। জাতিসংঘ প্রতিনিধি মিসতুরা আলাদাভাবে সরকারি ও বিদ্রোহীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু করার কথা তাঁর।