সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ পুতিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার করতে নিজ দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার এই নির্দেশনা দিয়ে আজ মঙ্গলবারের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শুরুর করতে বলেন তিনি। খবর এএফপি ও বিবিসির।
ক্রেমলিনে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই নির্দেশনা দেন। সিরিয়ায় যে লক্ষ্য নিয়ে রুশ অভিযান শুরু করা হয়েছিল, তার একটি বড় অংশ অর্জিত হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট পুতিন।
সিরিয়ার পরিস্থিতি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনার পর প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে এই ঘোষণা এল। রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি আগেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জানানো হয়েছে বলে উল্লেখ করেছে মস্কো।

প্রেসিডেন্ট বাশারের প​ক্ষ নিয়ে গত বছরের ৩০ সেপ্টেম্বরে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করাই ওই হামলার মূল লক্ষ্য বলে ঘোষণা দিয়েছিল মস্কো। তবে গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীরা অভিযোগ তোলে আইএস নয়, বাশারবিরোধীদের নিশ্চিহ্ন করাই রাশিয়ার এই অভিযানের মূল লক্ষ্য। রাশিয়ার আগেই সিরিয়ায় আইএসবিরোধী অভিযান শুরু করা যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশও রাশিয়ার বিরুদ্ধে একই অভিযোগ তোলে। যদিও সেই অভিযোগ বার বার নাকচ করে দেয় মস্কো। উল্লেখ্য, বাশারবিরোধী বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ বেশ কিছু দেশ।