উত্তাল ইউরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে গতকাল শরণার্থীদের সমর্থনে বিশাল সমাবেশ। ইউরোপের কয়েকটি শহরে গতকাল এ রকম বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিক্ষোভকারীরা ‘কোনো মানুষই অবৈধ নয়’, ‘শরণার্থীরাও মানুষ’, ‘সীমান্ত খুলে দাও’ লেখা প্ল্যাকার্ড বহন করেন l ছবি: এএফপি
লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে গতকাল শরণার্থীদের সমর্থনে বিশাল সমাবেশ। ইউরোপের কয়েকটি শহরে গতকাল এ রকম বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিক্ষোভকারীরা ‘কোনো মানুষই অবৈধ নয়’, ‘শরণার্থীরাও মানুষ’, ‘সীমান্ত খুলে দাও’ লেখা প্ল্যাকার্ড বহন করেন l ছবি: এএফপি

ইউরোপজুড়ে গতকাল শনিবার শরণার্থীদের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, স্পেন ও ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের রাজধানী শহরে এসব বিপন্ন মানুষের সমর্থনে সমাবেশ হয়েছে। এর মধ্যে কোপেনহেগেনের রাস্তায় নামে ৩০ হাজারের বেশি মানুষ। আর লন্ডনের রাস্তায় নামা লোকজনের হাতে ছিল ‘শরণার্থীরাও মানুষ’, ‘কোনো মানুষই অবৈধ নয়’, ‘সীমান্ত খুলে দাও’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড। খবর এএফপি ও রয়টার্সের।
শরণার্থীবিরোধী সমাবেশও হয়েছে কয়েকটি স্থানে। এর মধ্যে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বিক্ষোভে অংশ নেয় প্রায় পাঁচ হাজার মানুষ। কয়েকজন বিক্ষোভকারী একজন অশ্বেতাঙ্গ পথচারীকে ঘুষি মারে। তবে পরে অন্য বিক্ষোভকারীরা তাদের নিবৃত করে। শহরটিতে শরণার্থীদের পক্ষে পাল্টা সমাবেশও হয়েছে। সেই সমাবেশে অন্তত এক হাজার মানুষ অংশ নেয়। শরাণার্থীবিরোধী বিক্ষোভ হওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র।  
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর প্রস্তাব: শরণার্থীদের ঢল ঠেকাতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তিন প্রতিবেশী দেশকে ৩০০ কোটি ইউরো দেওয়ার জন্য হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আহ্বান জানিয়েছেন। ইউরোপমুখী শরণার্থীবিরোধী বিভিন্ন পদক্ষেপের প্রেক্ষাপটে এ আহ্বান জানালেন তিনি।
জার্মানির বিল্ডপত্রিকায় গতকাল শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে অরবান সিরিয়ার পার্শ্ববর্তী তুরস্ক, লেবানন এবং জর্ডানকে ৩০০ কোটি ইউরো দেওয়ার আহ্বান জানান। এর ফলে ইউরোপে সিরিয়া থেকে আসা শরণার্থীদের স্রোত কমবে বলে মনে করেন তিনি। অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত ডানপন্থী অরবান বলেন, ‘ইইউয়ের মোট ব্যয়ের ১ শতাংশ কমালেই এই অর্থ পাওয়া সম্ভব। ইইউর আগামী বৈঠকে আমি প্রস্তাবটা দেব।’
হাঙ্গেরি তার সার্বিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে। এ ছাড়া অভিবাসন আইনেও কড়াকড়ি করছে দেশটি। মূলত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে আসা প্রায় দেড় লাখ শরণার্থী এ বছর এ পর্যন্ত হাঙ্গেরির সীমান্ত অতিক্রম করেছে। তবে ১৫ সেপ্টেম্বর থেকে হাঙ্গেরিতে অবৈধভাবে কেউ প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে দেশটি।

বিল্ডপত্রিকার সাক্ষাৎকারে অরবান অভিযোগ করে বলেন, তাঁর দেশে আসা শরণার্থীরা দেশের আইন ভঙ্গ করছে। তিনি বলেন, ‘ওরা রেলস্টেশন দখল করেছে। হাতের ছাপ দেয়নি। ওরা হাঙ্গেরির সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।’

মিউনিখে একদিনেই ১০ হাজার: জার্মানিতে শরণার্থীর ঢল অব্যাহত রয়েছে।গতকাল এক দিনেই জার্মানির মিউনিখ শহরে পৌঁছেছে প্রায় ১০ হাজার শরণার্থী। এর আগে বৃহস্পতিবার দেশটির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল জানিয়েছিলেন, এ বছর দেশটিতে সাড়ে চার লাখ শরণার্থীর আগমন ঘটেছে। দেশটি শরণার্থীদের এ পর্যন্ত স্বাগত জানিয়ে এলেও কত দিন এই ঢল সামলাতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।