শরণার্থী থেকে 'ওয়াইন রানি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিনোর্তা বাহনোর মাথায় ‘ওয়াইন রানি’র মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
নিনোর্তা বাহনোর মাথায় ‘ওয়াইন রানি’র মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

সিরিয়া থেকে শরণার্থী হিসেবে জার্মানিতে যাওয়া এক নারীকে ‘ওয়াইন রানি’ করা হয়েছে। জার্মানির ওয়াইন তৈরির একটি এলাকার ‘রানি’র খেতাব পেয়েছেন। তিনি সিরিয়া থেকে জার্মানিতে যাওয়া প্রথম কোনও আশ্রয়প্রার্থী যিনি এই সম্মান লাভ করলেন।

আজ বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়, ২৬ বছর বয়সী ওই নারীর নাম নিনোর্তা বাহনো। তিন বছর আগে গৃহযুদ্ধ কবলিত সিরিয়া থেকে জার্মানিতে পালিয়ে আসেন খ্রিস্টান এই নারী।
পশ্চিম জার্মানির ট্রায়ার শহরে এক অনুষ্ঠানে নিনোর্তা বাহনোর মাথায় ওই মুকুট পরিয়ে দেওয়া হয়। এই শহরটি লুক্সেমবার্গের সীমান্তবর্তী এবং ওয়াইনের জন্য বিখ্যাত।

‘ওয়াইন রানি’র মুকুট জয়ের পর নিনোর্তা বাহনো বলেন, তার প্রত্যাশা, এই পুরস্কার আমাদের একতাবদ্ধ হতে আরও উৎসাহিত করবে।

নিনোর্তা বাহনো বলেন, ‘আমি দেখাতে চাই যে জার্মানি অন্যদের অভ্যর্থনা জানানো একটি দেশ এবং এই দেশটি অতিথিপরায়ন একটি দেশ। দেশটিতে দ্রুত শরণার্থীদের আপন করে নেওয়া হয়।’ তিনি বলেন, ‘একজন শরণার্থী হিসেবে একটি নতুন জায়গায় অন্যর সঙ্গে নিজেকে একীভূত করা খুব কঠিন।’ তিনি বলেন, অন্য শরণার্থীরা তার এই মুকুট পাওয়ার খবরে ‘খুব খুশি’।

গত বছর সিরিয়া থেকে পালিয়ে আসা ১০ লাখের বেশির অভিবাসীকে জায়গা দেয় জার্মানি।

১৯৩০ সাল থেকে জার্মানিতে ‘ওয়াইন রানি’ বা ওয়াইন সম্রাজ্ঞী নির্বাচন করে আসছেন। নিনোর্তা বাহনো আগামী বছরগুলোতে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে ট্রিভয়ের ওয়াইন উৎপাদন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরবেন। দেশটির ১৩টি ওয়াইন উৎপাদনকারী রাজ্য থেকে যারা কুইন নির্বাচিত হন তারা প্রতিবছর সেপ্টেম্বর মাসে জার্মানির ‘ওয়াইন কুইন’ প্রতিযোগীতায় অংশ নেন।