সিরিয়ায় আংশিক অস্ত্রবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো ছাড়া দেশটির বাকি অংশে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর ঘোষণা করা অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এ ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাত ১২টার পর থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়ায় ৭২ ঘণ্টা এবং অন্য সবখানে ২৪ ঘণ্টার জন্য সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করবে না। কয়েক মাস আগে শুরু হওয়া নাজুক যুদ্ধবিরতির মধ্যে আলেপ্পোতে হামলায় বহু বেসামরিক লোকের প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এল।
বাশার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী দামেস্ক এবং রাজধানীর বাইরে পূর্বাঞ্চলীয় ঘুতা প্রদেশে ২৪ ঘণ্টা এই অস্ত্রবিরতি থাকবে।
সরকারি বাহিনী আলেপ্পোর বিদ্রোহীদের দখলে থাকা অংশ উদ্ধারে বড় অভিযানের পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে সেখানে হামলা ও হতাহতের ঘটনা বেড়েছে। সর্বশেষ আলেপ্পোর বাব-আল-ফারাজ এলাকার মাল্লা খান জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বিদ্রোহীদের রকেট হামলায় ১৫ মুসল্লি মারা যান। গুরুতর আহত অনেক মুসল্লির বাঁচার আশা কম। এই নিয়ে গত আট দিনে সিরিয়ায় ২৩০ জনের বেশি বেসামরিক লোক পাল্টাপাল্টি হামলায় মারা গেছেন। এঁদের বেশির ভাগই নিহত হয়েছেন আলেপ্পোয়।
বাশারের অনুগত বাহিনী কেন অস্ত্রবিরতির সিদ্ধান্ত নিল, সে বিষয়ে সরকারি বিবৃতিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের ফল হিসেবে এই আংশিক অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে।
সিরিয়ার সেনাবাহিনীর সূত্রগুলো বলেছে, বিদ্রোহী ও ‘সন্ত্রাসীদের’ বেসামরিক লোকজনের ওপর হামলা চালানোর অজুহাত দেখানোর সুযোগ থেকে দূরে রাখা এবং বিদ্যমান যুদ্ধবিরতিকে জোরদার করাই এই অস্ত্রবিরতির মূল লক্ষ্য।
মার্কিন পক্ষগুলো বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের আশা, এই অস্ত্রবিরতি সংঘাতপূর্ণ এলাকার সহিংসতা কমাবে এবং একপর্যায়ে এই অস্ত্রবিরতি আলেপ্পো পর্যন্ত বিস্তৃত হতে পারে।
আলেপ্পো ছাড়াও সিরিয়ার নানা স্থানে নতুন নতুন সহিংসতা দেখা দিচ্ছে, যা জেনেভার শান্তি আলোচনায় ফেরার বিষয়টিকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
সিরিয়ার সরকারবিরোধী সশস্ত্র সংগঠন দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স ফোর্স বলেছে, বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়েছে।
এর আগে বুধবার রাতে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত সুক্কারি এলাকায় আল-কুদস নামের একটি হাসপাতাল বিমান হামলায় গুঁড়িয়ে যায়। অনেকের অভিযোগ, হাসপাতাল বুঝেই ভবনটি লক্ষ্য করে বিমান থেকে হামলা করা হয়। হাসপাতালটিতে শিশু রোগী, চিকিৎসাকর্মীসহ ৫০ জনের মতো নিহত হয়েছে।
এদিকে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়াকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দেশটির নেতাদের ‘ব্যক্তিকেন্দ্রিক সংকীর্ণ’ মানসিকতা থেকে বেরিয়ে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।