সিরিয়ায় আইএসের বিরুদ্ধে পাল্টা-আঘাত ফ্রান্সের
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর পাল্টা-আঘাত হেনেছে ফ্রান্স।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ফরাসি যুদ্ধবিমান গতকাল রোববার সিরিয়ার রাকায় বোমা হামলা চালিয়েছে। রাকা আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত।
গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এতে অন্তত ১২৯ জন নিহত হয়েছে, আহত কয়েক শ। হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই ঘটনার পর এই প্রথম সিরিয়ায় আইএসের অবস্থানে হামলা চালাল ফ্রান্স।
প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ এক মিনিট নীরবতা পালন করবে ফ্রান্স। এর প্রাক্কালে দেশটির যুদ্ধবিমান রাকায় আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২০টি বোমা ফেলেছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বিমান হামলায় আইএসের কমান্ড চৌকি, নিয়োগকেন্দ্র, প্রশিক্ষণ শিবির ও সামরিক সরঞ্জামের ভান্ডার ধ্বংস হয়েছে।
প্যারিসে হামলার মধ্য দিয়ে আইএস ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেছে বলে ঘটনার পর মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। একই সঙ্গে তিনি বলেন, হামলার জবাব দেওয়া হবে ‘নির্মমভাবে’। সবশেষ এই পদক্ষেপ আইএসের বিরুদ্ধে ফ্রান্সের কড়া অবস্থান ইঙ্গিত করছে।