সিরিয়ায় ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠিয়েছে রাশিয়া
সিরিয়ায় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠিয়েছে রাশিয়া। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সিরিয়ার তারতাস বন্দরে রুশ নৌঘাঁটিতে এস-৩০০ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশিনকোভ বলেন, আকাশ থেকে ওই নৌঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠানো হয়েছে।
সিরিয়া সংকট নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ওই পদক্ষেপ নিল মস্কো।
সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চলমান শান্তি আলোচনা গত সোমবার স্থগিত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করার অভিযোগ এনেছে। এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম নিষ্ক্রিয়করণ চুক্তি স্থগিত করার ঘোষণা দেন।
ওয়াশিংটন ও মস্কোর মধ্যস্থতায় সিরিয়ায় হওয়া একটি যুদ্ধবিরতি গত মাসে ভেস্তে যায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এস-৩০০ পুরোপুরি প্রতিরক্ষাব্যবস্থা। এই ব্যবস্থা কারও জন্য হুমকি নয়। এস-৩০০ মোতায়েনের কারণে পশ্চিমাদের মধ্যে কেন উদ্বেগ সৃষ্টি হলো, তা পরিষ্কার নয়।
বিবিসির খবরে জানানো হয়, রাশিয়া এই প্রথম তাদের নিজেদের ভূখণ্ডের বাইরের কোথাও এস-৩০০ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করল।
নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, গত সপ্তাহান্তে সিরিয়ায় ওই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করে রাশিয়া।
সিরিয়ায় উপকূলীয় শহর লাতাকিয়ার কাছে অবস্থিত একটি বিমানঘাঁটিও ব্যবহার করছে রাশিয়া।