সিরিয়ায় মোতায়েন সামরিক শক্তি কমাচ্ছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সামরিক বাহিনী গতকাল শুক্রবার বলেছে, তারা সিরিয়ায় মোতায়েন সামরিক অস্ত্র-সরঞ্জাম কমিয়ে আনতে শুরু করেছে। এর শুরু হচ্ছে দেশটির একমাত্র বিমানবাহী রণতরিকে ওই অঞ্চল ছাড়ার নির্দেশ দিয়ে।

রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ টেলিভিশনে প্রচারিত মন্তব্যে বলেছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুযায়ী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় মোতায়েন করা সামরিক শক্তি হ্রাস করতে শুরু করেছে।

গেরাসিমভ বিমানবাহী রণতরি অ্যাডমিরাল কুজনেতসভসহ সিরিয়ার কাছে মোতায়েন রুশ নৌবহরকে অবিলম্বে সুমেরু বৃত্ত অঞ্চলে নিজের বন্দরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন। এর মধ্যে পরমাণু শক্তিচালিত রণতরি পিওতর ভেলিকি ও ডেস্ট্রয়ার সেভেরোমর্স্ক রয়েছে।

সিরিয়ায় রাশিয়ার প্রধান কমান্ডার আন্দ্রেই কার্তাপোলভ বলেন, ‘সামরিক অভিযানের সময় রণতরি বহরটিকে দেওয়া দায়িত্ব এটি পূরণ করেছে।’ তিনি বলেন, দুই মাসের মিশনে রণতরি অ্যাডমিরাল কুজনেতসভে মোতায়েন থাকা যুদ্ধবিমানগুলো ৪২০টির মতো হামলা চালিয়ে ১ হাজার ২৫২টি ‘সন্ত্রাসী’ লক্ষ্যে আঘাত হেনেছে। রুশ এই সেনা কর্মকর্তা দাবি করেন, সিরিয়ায় অত্যাধুনিক এস-৩০০ ও এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন থাকায় এখনো সেখানে রাশিয়ার আকাশ প্রতিরক্ষার যথেষ্ট সক্ষমতা রয়েছে।

সিরিয়ার মাটিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এবং ভূমধ্যসাগর থেকে দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীকে সহায়তা দিতে গত নভেম্বর মাসে রণতরি কুজনেতসভ সিরিয়ার উপকূলে পাঠায় রাশিয়া।

এদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের কাছ থেকে একটি প্রাচীন দুর্গ ছিনিয়ে নেওয়ার দাবি করেছে মার্কিন-সমর্থিত সিরিয়ার মিলিশিয়ারা। তালাল সিলো নামে মিলিশিয়াদের এক মুখপাত্র গতকাল জানান, ইউফ্রেটিস নদের ওপর বাঁধের কাছে আসাদ হ্রদের তীরে অবস্থিত জাবার দুর্গটি গত বৃহস্পতিবার জঙ্গিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) ওই মুখপাত্র আরও বলেন, এই জয় রাকা প্রদেশে জঙ্গিদের বিরুদ্ধে কৌশলগত অগ্রযাত্রার একটি অংশ।