সিরিয়ায় রাসায়নিক হামলাকে কেন্দ্র করে রুশ-পশ্চিম বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাসায়নিক গ্যাস হামলাকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দোষারোপের পালা চলছে। রাশিয়া অভিযোগ করেছে, পশ্চিমা মদদপুষ্ট ওই রাসায়নিক অস্ত্র সিরীয় বিদ্রোহীদের। তবে পশ্চিমা দেশগুলোর দাবি, সিরিয়ার সরকারি বাহিনীই তা ব্যবহার করেছে।
রাশিয়া বলছে, সিরিয়ার সরকারি বাহিনীর যুদ্ধবিমান থেকে মাইনের একটি গুদামে আঘাত হানা হয়। ওই মাইনগুলোয় বিষাক্ত পদার্থ ভরা ছিল। সেগুলো ছিল ইরাকে সক্রিয় জঙ্গিদের জন্য। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারও অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, তাঁদের কাছে যেসব প্রমাণ রয়েছে, তাতে বাশারের বাহিনীই ওই হামলার পেছনে ছিল বলে স্পষ্ট।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছিল, ঘটনাস্থল ইদলিব প্রদেশের খান শেখোওয়ান শহরে রুশ বিমান থেকে কোনো হামলা চালানো হয়নি। সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সেদিনই বলেন, সিরিয়ার এই ‘হত্যাযজ্ঞের’ জন্য বাশার আল-আসাদের সরকারই দায়ী।
এদিকে এএফপি জানায়, মঙ্গলবারের গ্যাস হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।