সিরিয়ায় স্কুলে আইএসের হামলায় নিহত ৯ ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি স্কুলের ওপর গতকাল মঙ্গলবার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) গোলা নিক্ষেপে অন্তত নয়জন শিক্ষার্থী নিহত ও আরও ২০ জনের মতো আহত হয়েছে। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সিরীয় সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, সরকারি সেনাদের নিয়ন্ত্রণাধীন দির আল-জর শহরের এক স্কুলের ওপর ওই হামলা চালায় আইএস। এতে নয়জন ছাত্রী নিহত হয়। অবজারভেটরি বলেছে, নিহত শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে পারে। সিরিয়ায় প্রায় সাড়ে চার বছর ধরে চলমান গৃহযুদ্ধে সহিংস হামলার অন্যতম লক্ষ্যবস্তু বানানো হচ্ছে স্কুলগুলোকে।
জানুয়ারির শেষে শান্তি আলোচনা: এদিকে রয়টার্স জানায়, সিরিয়ায় চলমান রক্তপাতের অবসান ঘটানোর বিষয়ে জাতিসংঘের উদ্যোগে আগামী জানুয়ারির শেষ দিকে আলোচনা শুরুর পরিকল্পনা চলছে। জাতিসংঘের সিরিয়াবিষয়ক দূত স্তেফান দ্য মিস্তুরা জেনেভায় ওই শান্তি আলোচনা শুরুর পরিকল্পনা করছেন। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের পরিচালক মাইকেল মুলার গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।