সীমান্ত বন্ধ সমাধান দেবে না: ম্যার্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, পশ্চিম বলকান সীমান্ত বন্ধ করে দিলেই ইউরোপের চলমান অভিবাসী-শরণার্থী সংকটের সমাধান হয়ে যাবে না। এমন পদক্ষেপ কখনোই ‘টেকসই’ হবে না। জার্মানির রাষ্ট্রীয় বেতারকে গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
ইউরোপের পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলো গত বুধবার মধ্যরাত থেকে তাদের দেশের ওপর দিয়ে অভিবাসী-শরণার্থীদের গমন বন্ধ করে দেয়। এরপর জার্মান চ্যান্সেলর এমডিআর রেডিওকে বলেন, ‘একটি একতরফা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। এই পরিস্থিতি টেকসইও হবে না, দীর্ঘস্থায়ীও নয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, অস্ট্রিয়া যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে এবং তারপর অন্য বলকান রাষ্ট্রগুলোর মধ্যে যারা তা অনুসরণ করেছে, তা নিশ্চিতভাবেই শরণার্থীর আগমন কমাবে। কিন্তু এর ফলে গ্রিস খুবই কঠিন পরিস্থিতিতে পড়বে।’
ম্যার্কেলের মতে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৮ দেশের জন্যই সঠিক বলে প্রতীয়মান হবে, এমন সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি তুরস্কের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে গ্রিস বেশি দিন (শরণার্থীর) ভার বইতে পারবে না। সে কারণেই আমি এই সমস্যার একটি ইউরোপীয় সমাধান খুঁজছি। সেই সমাধান হবে ইইউর ২৮ দেশের সমাধান।’
গৃহযুদ্ধ ও অন্যান্য কারণে সিরিয়া, ইরাকসহ বিভিন্ন দেশের যেসব অভিবাসী-শরণার্থী ইউরোপমুখী হচ্ছে, তাদের বেশির ভাগই যাচ্ছে তুরস্ক হয়ে। সাধারণত সেখান থেকে সাগরপথে প্রথমে গ্রিসে পৌঁছায় তারা।