সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া তার সর্ব পশ্চিমের সীমান্ত প্রদেশ কালিনিনগ্রাদে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ইস্কান্দার মোতায়েন করেছে। ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তের এ এলাকায় এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ড। এতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অসন্তোষ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র মোতায়েনের এ ঘটনা সামরিক মহড়ার অংশ এবং আগেও এমনটা করা হয়েছে। তবে পোল্যান্ড বলেছে, এটা ‘সর্বোচ্চ উদ্বেগের’ বিষয়। তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।
সাম্প্রতিক কালে বিভিন্ন বিষয় বিশেষত, সিরিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র তথা ন্যাটোর মতবিরোধ জোরালো হয়েছে।
কালিনিনগ্রাদ পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তের মধ্যে অবস্থিত রাশিয়ার একটি ছিটমহল। এখানে রাশিয়া যে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করল, তার পাল্লা ৭০০ কিলোমিটার (৪৪০ মাইল) পর্যন্ত। এটা জার্মানির রাজধানী বার্লিনেও আঘাত হানতে সক্ষম।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তোনি মাচিয়েরউইজ রাশিয়ার এই কর্মকাণ্ডকে ‘খুব উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, এ পদক্ষেপ ন্যাটোয় অসন্তোষ সৃষ্টি করতে পারে।
তবে অন্যদের উদ্বেগ নাকচ করে দিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি ‘ব্যতিক্রমী ঘটনা নয়’।
ওয়ারশতে বিবিসির সংবাদদাতা অ্যাডাম এস্টন বলেন, ক্রিমিয়ায় রাশিয়ার দখলদারি ও ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াইরত বিদ্রোহীদের সমর্থন দেওয়ার কারণে এ অঞ্চলে আশঙ্কার পরিবেশ সৃষ্টি হয়েছে। এ শঙ্কা হলো, ন্যাটোর পূর্বপ্রান্তের দেশগুলোর বিরুদ্ধে মস্কো এখন আগ্রাসী পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করতে পারে।
এই সংবাদদাতা আরও বলেন, ইতিমধ্যে এই শঙ্কা প্রশমনের চেষ্টায় গত জুলাইয়ে অনুষ্ঠিত ওয়ারশ শীর্ষ সম্মেলনে ন্যাটো বাল্টিক দেশগুলো ও পোল্যান্ডে সেনা মোতায়েন করবে বলে ঘোষণা করেছে। ন্যাটো এ উদ্যোগকে একেবারেই আত্মরক্ষামূলক আখ্যা দিলেও মস্কো একে হুমকি হিসেবেই দেখছে। এ কারণেই পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো এই পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করে থাকতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার বিমানবাহিনীর বিরুদ্ধে ওই অঞ্চলের দেশ ফিনল্যান্ড, সুইডেন, এস্তোনিয়া ও লাটভিয়া তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে।