ইউরোপে পাড়ি জমানো শরণার্থীদের কোটার ভিত্তিতে ভাগাভাগি করে নিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা গতকাল মঙ্গলবার ব্রাসেলসে কোটার বিষয়টি অনুমোদন করেন। যদিও কয়েকটি দেশ ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
এদিকে শরণার্থীর স্রোত ঠেকাতে সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করেছে হাঙ্গেরি। গত সোমবার অনুমোদিত নতুন একটি আইনের আওতায় এখন থেকে সীমান্ত নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করতে পারবে দেশটি। খবর এএফপির।
কোটা অনুমোদন: ব্রাসেলসে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কোটা পদ্ধতি অনুমোদিত হলেও কয়েকটি দেশ এর বিপক্ষে ভোট দেয়। দেশগুলো হলো রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। দেশগুলো আগেই ওই কোটা না মানার ঘোষণা দিয়েছিল। এ ছাড়া ফিনল্যান্ডও কোটা মানবে না বলে জানিয়ে দিয়েছে। তবে দেশটি গতকাল ব্রাসেলসের বৈঠকে ভোটদান থেকে বিরত ছিল। কোটার ভিত্তিতে ১ লাখ ২০ হাজার শরণার্থীকে ভাগাভাগি করে নেওয়ার কথা ইউরোপের বিভিন্ন দেশের।
ভোটাভুটির পর চেক স্বরাষ্ট্রমন্ত্রী মিলান শোভানেক এক টুইটার বার্তায় বলেন, ‘সাধারণ বোধবুদ্ধি আজ হারিয়ে গেল। আমরা শিগগিরই টের পাব যে রাজাদের জন্য আর কোনো বস্ত্র নেই।’
আর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেন, ‘আমি যতক্ষণ প্রধানমন্ত্রী আছি, স্লোভাকিয়া এই কোটা পদ্ধতি বাস্তবায়ন করবে না।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইইউর ১ লাখ ২০ হাজার শরণার্থী নেওয়ার পরিকল্পনা কাজ করবে না, যদি না তাদের জন্য ভালো অভ্যর্থনার ব্যবস্থাও করা না হয়। সংস্থাটির মুখপাত্র মেলিসা ফ্লেমিং বলেছেন, শরণার্থীদের শুধু স্থানান্তর কর্মসূচির মাধ্যমে চলমান পরিস্থিতি স্থিতিশীল করা যাবে না।
সীমান্তে সেনা মোতায়েনে আইন: শেংগেন চুক্তিভুক্ত দেশ হাঙ্গেরিকে বেশি উন্নত পশ্চিম ও উত্তর ইউরোপে প্রবেশের প্রধান পথ বানিয়েছে ইউরোপ অভিমুখী শরণার্থীরা। শেংগেন চুক্তিভুক্ত ইউরোপের ২৬ দেশের মানুষ ওই দেশগুলো অবাধে ভ্রমণ করতে পারে। হাঙ্গেরিতে ঢুকে শরণার্থীরা যেতে চায় পশ্চিম ইউরোপের কোনো দেশে। শরণার্থীর ঢল ঠেকাতে হাঙ্গেরি সীমান্তের পথগুলো বন্ধ করে দেওয়ার পর কয়েক দিন আগে প্রধান পথটি আবার খুলে দেওয়া হয়। এবার সীমান্তে আরও কড়াকড়ি আরোপের জন্য নতুন আইন করে সীমান্ত নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করার উদ্যোগ নিল দেশটি। এই আইনের আওতায় সেনাবাহিনী সীমান্ত নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও নেটগান (জাল ছুড়ে কাউকে ধরার অস্ত্র) ব্যবহার করতে পারবে।
জার্মানির ট্রেন বন্ধ: এদিকে এ পর্যন্ত সবচেয়ে বেশি শরণার্থী নেওয়ার ঘোষণা দেওয়া জার্মানি তার কিছু ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। সীমান্ত এলাকা দিয়ে চলা ওই ট্রেনগুলো দিয়েই হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া হয়ে শরণার্থীরা জার্মানিতে ঢুকছিল। জার্মানির রেল কোম্পানি ডয়েচে বান গতকাল জানিয়েছে, অস্ট্রিয়া ও হাঙ্গেরির সঙ্গে যোগাযোগকারী ট্রেনগুলো আগামী ৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্ট থেকে অস্ট্রিয়ার সালজবার্গ হয়ে জার্মানির দক্ষিণাঞ্চলের মিউনিখ শহর পর্যন্ত যোগাযোগ রক্ষাকারী ওই ট্রেনগুলো দিয়ে হাজার হাজার শরণার্থী জার্মানিতে ঢোকে।