সুইজারল্যান্ডে আইন ভাঙা বিদেশিদের বিতাড়ন প্রশ্নে গণভোট
ছোটখাটো আইন ভঙ্গকারী বিদেশিদের বহিষ্কার করা হবে কি না—সে প্রশ্নে গতকাল রোববার সুইজারল্যান্ডে এক গণভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ‘না’ ভোট জয়যুক্ত হওয়ারই আভাস দিয়েছে স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান এসআরএফ। খবর রয়টার্সের।
পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসনের অধিকারী অভিবাসনবিরোধী ডানপন্থী সুইস পিপলস পার্টির চাপের মুখে গতকাল ওই গণভোটের আয়োজন করে সুইজারল্যান্ড সরকার। ভোট গ্রহণ শেষের পরপরই বুথ-ফেরত জরিপের ভিত্তিতে এসআরএফ জানায়, ৫৯ শতাংশ ভোটারই অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে বিতাড়ন করার বিপক্ষে অবস্থান নিয়েছেন।
বিবিসি জানায়, সুইজারল্যান্ডের আইনে শুধু হত্যা ও ধর্ষণের মতো বড় অপরাধে বিদেশিদের বহিষ্কারের বিধান রয়েছে। কিন্তু পুলিশের সঙ্গে তর্ক করলে বা গাড়ির গতিসীমা লঙ্ঘনের মতো ছোট অপরাধেও বিদেশিদের বহিষ্কার চাইছেন অভিবাসনবিরোধীরা। সে জন্য ১০ বছরে দুবার এ ধরনের ছোটখাটো অপরাধ করলেও আপিলের সুযোগ না দিয়ে বিদেশিদের বহিষ্কারের প্রস্তাবসংবলিত গণভোটের আয়োজন করা হয়।
সুইস পিপলস পার্টি বলেছে, বিদেশিদের অপরাধপ্রবণতা সমাজকে হুমকিতে ফেলছে। প্রস্তাবের বিরোধীরা বলছেন, গণভোটে প্রস্তাবটি পাস হলে সুইজারল্যান্ডে দুই স্তরের বিচারব্যবস্থা কায়েম হবে, যা হবে স্থায়ীভাবে বসবাসরত বিদেশিদের প্রতি অবিচার।