সুইজারল্যান্ডে ট্রেনে যুবকের হামলা, আহত ৬
সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে শনিবার একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় ২৭ বছর বয়সী এক যুবক। পরে ওই যুবক ট্রেনের কয়েক যাত্রীকে ছুরিকাঘাত করেন। আগুন ও ছুরিকাঘাতে এক শিশুসহ ছয়জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারী যুবক সুইজারল্যান্ডের বাসিন্দা। তবে হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। হামলার সময় ওই যুবকও আহত হয়েছেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, আজ দুপুরে সুইজারল্যান্ডের সেন্ট গলেনের সলেজ শহরের স্টেশনে ট্রেনটি আসলে ওই যুবক দাহ্য পদার্থ ছুড়ে মারে, পরে আগুন ধরিয়ে দেয়। এর পর পরই ওই যুবক ট্রেনের যাত্রীদের ওপর ছুরি নিয়ে হামলে পড়ে। শিশু ছাড়া বাকি আহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
এ ঘটনার পর পর উদ্ধার অভিযানে অংশ নিতে সেখানে হেলিকপ্টার পাঠানো হয়। পুলিশ ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোরও প্রস্তুতি নিচ্ছে।