সুইজারল্যান্ডে ট্রেনে হামলাকারীর মৃত্যু
সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল শনিবার একটি ট্রেনে আগুন দিয়ে ও ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করা যুবকের মৃত্যু হয়েছে। ওই হামলায় আহত এক নারীও হাসপাতালে মারা গেছেন।
সুইজারল্যান্ডের পুলিশ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ভিডিও চিত্রে দেখা গেছে, ওই হামলাকারীর হাতে ছুরি ছিল। তিনি এসে ট্রেনে দাহ্য তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তিনি ছুরি হাতে যাত্রীদের ওপর হামলা চালান। এতে ছয়জন আহত হন। এ ঘটনায় প্ল্যাটফর্মে থাকা আরও এক ব্যক্তি কিছুটা দগ্ধ হন।
ফরেনসিক বিশেষজ্ঞরা দাহ্য তরল পদার্থ বিশ্লেষণ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ আরও জানায়, হামলাকারী ওই যুবক সেন্ট গলেন লাগোয়া এলাকায় বাস করতেন। তাঁর পুরো ঠিকানা খোঁজ করা হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে সুইজারল্যান্ডের সেন্ট গলেনের সলেজ শহরের স্টেশনে ট্রেনটি এলে ২৭ বছর বয়সী ওই যুবক ট্রেনে হামলা চালান।
প্রাথমিকভাবে এই হামলার পেছনে কোনো রাজনৈতিক বা সন্ত্রাসবাদের উদ্দেশ্য চিহ্নিত করা যায়নি।