সুইডেনে বন্দুকধারীর গুলিতে নিহত ২
সুইডেনের গোটেনবার্গে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় দুজন নিহত হয়েছে। স্থানীয় অপরাধী চক্র এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। গত বুধবার রাতে ওই ঘটনা ঘটে। খবর এএফপির।
পুলিশ জানিয়েছে, খদ্দেররা পানশালাটির ভেতর টেলিভিশনে ফুটবল খেলা দেখার সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারীরা গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শী এফটনব্লাডেট বলেন, দুজন অস্ত্রধারী পাবের ভেতর ঢুকে গুলি করতে শুরু করে। তাদের অস্ত্রগুলো দেখতে কালাশনিকভের মতো ছিল।
পুলিশের মুখপাত্র বিজয়ির ব্লিক্সটি জানান, এ ঘটনায় কমপক্ষে আরও ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের আঘাত মারাত্মক। তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। মুখপাত্র আরও বলেন, এটা সম্ভবত কোনো সন্ত্রাসবাদী হামলা নয়, বরং সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট হামলা।
সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর অভিবাসী-অধ্যুষিত গোটেনবার্গে প্রতিদ্বন্দ্বী সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর মধ্যে প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রায়ই এমন গোলাগুলির ঘটনা ঘটে। গত কয়েক বছরে সেখানে বেশ কয়েকটি এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের সংখ্যা খুবই কম থাকে।