সুইডেনে ২ হাজার উগ্র ইসলামপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনে উগ্র ইসলামপন্থীর সংখ্যা প্রায় দুই হাজার। আজ সোমবার দেশটির গোয়েন্দা প্রধান আন্দ্রেস থর্নবার্গ এ তথ্য জানান। তিনি বলেন, এক দশকের কম সময়ে দেশটিতে উগ্র ইসলামপন্থীর সংখ্যা প্রায় ১০ গুণের বেশি বেড়েছে।

স্থানীয় গোয়েন্দা সংস্থা স্যাপোর প্রধান থর্নবার্গের মতে, প্রাথমিকভাবে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিগোষ্ঠীর অত্যাধুনিক প্রচারে উৎসাহীদের সংখ্যা বেড়েছে। অবশ্য তাদের মধ্যে খুব অল্পসংখ্যক উগ্রপন্থীর হামলা চালানোর ইচ্ছা ও সক্ষমতা আছে। তাঁদের অবশ্যই খুঁজে বের করে নিবিড়ভাবে অনুসরণ করতে হবে।

সোমবার সংবাদ সংস্থা টিটিকে দেওয়া সাক্ষাৎকারে থর্নবার্গ বলেন, ‘কোনো আক্রমণ বা সহিংস ঘটনার আগে সুইডেনের সবাইকে দায়িত্ব নিয়ে এই ট্রেন্ডের ইতি ঘটানোটাই গুরুত্বপূর্ণ।’

সম্প্রতি সুইডেনও সন্ত্রাসী হামলার খুব কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিল। গত এপ্রিল মাসে উজবেকিস্তানের এক নাগরিক আইএস জঙ্গিগোষ্ঠীর সমর্থনে চুরি করা ট্রাক দিয়ে পথচারীদের চাপা দিয়েছিল। তাতে পাঁচজন মারা যান। ১৫ জন আহত হন।

ইউরোপে সম্প্রতি সন্ত্রাসী হামলা বেড়েছে। প্যারিস, ব্রাসেলস ও বার্লিনে বড় ধরনের হামলা হয়েছে।

থর্নবার্গ বলেন, সুইডেনে বর্তমানে তিন হাজার সহিংস উগ্রপন্থী আছে। এর মধ্যে দুই হাজার ইসলামি উগ্রপন্থার। অন্যরা অতি ডানপন্থী বা বামপন্থী।

স্যাপোর ২০১০ সালের প্রতিবেদন অনুসারে দেশটিতে ইসলামি উগ্রপন্থী ছিল মাত্র ২০০।

এর আগে স্যাপোর পক্ষ থেকে বলা হয়, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত সুইডেনের ৩০০ মানুষ আইএসে যোগ দিয়ে সিরিয়া ও ইরাকে গেছেন। এর মধ্যে ১৪০ জন সুইডেনে ফেরত এসেছে এবং ৫০ জন বিদেশে মারা যাওয়ার কথা উঠেছে।

সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলায় কানাডার জিহাদি ও সমর্থনকারীদের নাম এসেছে। ২০১৬ সালে ব্রাসেলস মেট্রোতে বোমা হামলার ঘটনায় সুইডেনের নাগরিক ওসামা ক্রায়েমের নাম এসেছে। তথ্যসূত্র: এএফপি।