সুইস নাগরিকত্ব নিয়ে ভোট
সুইজারল্যান্ডে তৃতীয় প্রজন্মের অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে কি না নির্ধারণের জন্য গতকাল রোববার ভোট নেওয়া হয়েছে। এর আগে নির্বাচনী প্রচারে মুসলিম-বিরোধিতা এবং ধর্মীয় কুসংস্কার ছড়ানোর অভিযোগ উঠেছে।
দেশটিতে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন আইন ও প্রতিষ্ঠানের ওপর প্রভাব সৃষ্টিকারী বিষয়াদির ওপর সরাসরি ভোট আয়োজনের জন্য বছরে চারটি রোববার বরাদ্দ থাকে। গতকাল ছিল সেগুলোরই একটি। দুপুরেই ভোট গ্রহণ শেষ হয় এবং বিকেলে ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জনগণ ডাকযোগে ভোট দিয়েছেন।
সুইস সরকার, বেশির ভাগ আইনপ্রণেতা এবং রাজনৈতিক দল বর্তমান অভিবাসীদের নাতি-নাতনিদের সুইজারল্যান্ডের পাসপোর্ট পেতে দীর্ঘ প্রক্রিয়ায় যাওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে গণভোটের ফলাফলে এবার কট্টরপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল সুইস পিপলস পার্টির (এসভিপি) প্রচারণার প্রভাব পড়তে পারে। দলটি ইসলাম এবং জাতীয় পরিচয়ের বিষয়টিকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।
অভিবাসন বিভাগের এক জরিপ বলছে, সুইজারল্যান্ডের ৮০ লাখ জনগণের মধ্যে ২৫ হাজারের কম মানুষের এখন তৃতীয় প্রজন্মের অভিবাসী হওয়ার যোগ্য। তাঁদের ৬০ শতাংশ ইতালীয়, বাকিদের মধ্যে বলকান ও তুর্কিরা এগিয়ে রয়েছেন।