সুমি অঞ্চলে রাতভর রুশ বিমান হামলা: ইউক্রেন

হামলায় বিধ্বস্ত সুমি অঞ্চলছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সুমি ওবলাস্ত অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলের শহর ওখতিয়ারকাতে স্থানীয় সময় গতকাল বুধবার রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান দমিত্রো ঝিভিতস্কি বলেছেন, আবাসিক এলাকা ও গ্যাস পাইপলাইনে হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। খবর বিবিসির

দমিত্রো ঝিভিতস্কি আরও বলেন, ওখতিয়ারকাতে হামলার প্রায় ১০ মিনিট পরে সুমি ওবলাস্ত অঞ্চলের রাজধানী সুমিতে ও বিতিতসিয়া গ্রামে বোমা হামলা হয়। হামলায় কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়ার সেনাবাহিনী।

ঝিভিতস্কি আরও বলেন, স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে তিনটি মানবিক করিডর চালু হবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়া কয়েক দিন ধরে বোমা হামলা চালানোর পর গতকাল সুমি থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর তুরস্কের মধ্যস্থতায় আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তুরস্কের আন্তালিয়ায় আজ বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।