সুমি শহরে রাসায়নিক কারখানা থেকে ছড়াচ্ছে অ্যামোনিয়া
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে একটি রাসায়নিক কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস বের হচ্ছে। স্থানীয় সময় আজ সোমবার সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিভিৎস্কি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
ইউক্রেনে রুশ হামলার ২৬তম দিন আজ সোমবার। এদিন সুমি শহরের আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিভিৎস্কি বলেন, সুমায়খিমপ্রম রাসায়নিক কারখানায় ভোররাত সাড়ে চারটা থেকে অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করেছে।
টেলিগ্রাম পোস্টে ঝিভিৎস্কি লিখেছেন, রাসায়নিক কারখানাটির চারপাশে পাঁচ কিলোমিটার এলাকা বিপর্যয়ের মধ্যে আছে। তবে কী কারণে গ্যাস নির্গত হচ্ছে, তা সম্পর্কে কিছু উল্লেখ করেননি ঝিভিৎস্কি।
সুমি অঞ্চলটি এখন রুশ সেনাদের দখলে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা কয়েক দফা বৈঠকে বসেছেন। তবে এখন পর্যন্ত দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
এরই মধ্যে সংকট সমাধানে জেলেনস্কি পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহের কথা জানান।