সুরের মূর্ছনা নিমেষে রক্তস্নাত শোকগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলজুড়ে দর্শক। সুরের তালে দুলছিল তাঁদের মন। মঞ্চে চলছে যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ‘ইগল অব ডেথ মেটাল’-এর গান। হঠাৎ মুহুর্মুহু গুলি। হলজুড়ে বয়ে যাওয়া আনন্দের বন্যায় ঝরে পড়ল মানুষের তাজা রক্ত। ভয়াবহতা, মৃত্যুর মিছিল আর শোকে নিমেষে থেমে গেল হৃদয়ছোঁয়া সুর।
এটির ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত বাটাক্লঁ হলের গতকাল শুক্রবার রাতের চিত্র। ফ্রান্সের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র এটি। নাচ-গানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রসিদ্ধ এই স্থানটিতে সন্ত্রাসীরা বুনে দিল রক্তস্নাত এক ইতিহাস। হলটিতে অতর্কিতে ঢুকে পড়া হামলাকারীদের গুলিতে সৃষ্টি হলো সংগীতপ্রিয় মানুষের মৃত্যুর মিছিল। সুরের মূর্ছনা হয়ে গেল শোকের গাথা।
এ হলে কনসার্ট দেখতে গিয়েছিলেন জুলিয়ান প্যাঁরেজ নামের ফ্রান্সের এক বেতার সাংবাদিক। সিএনএনকে জানান সেই ভয়াবহ মুহূর্তগুলোর কথা। বললেন, হলটিতে দেড় হাজার মানুষের ধারণক্ষমতা। কনসার্টের কারণে সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। সবাই যখন রক গানের তালে আনন্দে মেতেছেন, তখন হঠাৎ সেখানে রক্তগঙ্গা।
১৮৬৪ সালে বাটাক্লঁ নির্মাণ করা হয়। নামটির সঙ্গেই মিশে আছে সুর আর সংগীত। জার্মান বংশোদ্ভূত ফ্রান্সের খ্যাতনামা সুরকার জ্যাক ওফেনব্যাচ চীনা সংস্কৃতির মিশেল ঘটিয়ে ‘বা-টা-ক্ল’ নামের সংগীতের সৃষ্টি করেছিলেন। এখান থেকেই হলটির নামকরণ করা হয় বাটাক্লঁ। হলটিতে গান করেছেন বিশ্বের বিখ্যাত সব শিল্পী। রক আর পপ কনসার্ট ছাড়াও সেখানে প্রদর্শিত হতো কমেডি শো, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড। কালের বিবর্তনে এ হলটিই হয়ে উঠেছিল সুরের ঐতিহাসিক স্থান।
কিন্তু মাত্র ১০ মিনিটেই রচিত হলো আরেক ইতিহাস। এএফপি অবলম্বনে