‘সুড়ঙ্গের শেষে উজ্জ্বল আলোর আভাস দেখতে পাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির প্রেসিডেন্ট ফাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার
ছবি: রয়টার্স

জার্মানিসহ বিশ্বজুড়ে করোনা–সংকট বাড়তে থাকার পরও সবাইকে আত্মবিশ্বাসী হতে বলেছেন জার্মান প্রেসিডেন্ট ফাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। আসন্ন বড়দিন উপলক্ষে এক বাণীতে জার্মান প্রেসিডেন্ট বলেছেন, ‘এই ক্রিসমাস হোক আশা ও আত্মবিশ্বাসের উৎসব।’

প্রেসিডেন্টের বড়দিন উৎসবের বাণী উদ্ধৃত করে জার্মানির ‘জাইট’ পত্রিকা লিখেছে, ‘আমাদের সামনে এখনো একটি দীর্ঘ কষ্টকর পথ রয়েছে। তবে আমরা সুড়ঙ্গের শেষে দীর্ঘ প্রতীক্ষিত উজ্জ্বল আলোর আভাস দেখতে পাচ্ছি। আমরা ধাপে ধাপে এই সংকট কাটিয়ে একদিন উজ্জ্বল আলোর প্রান্তে পৌঁছে যাব।’

স্টাইনমায়ার জার্মানির নাগরিকদের উদ্দেশে বলেছেন, ‘ক্ষুদ্র একটি ভাইরাস গত প্রায় একটি বছর আমাদের জীবনের অনেক স্বপ্ন ও পরিকল্পনার অনেক কিছুরই পরিবর্তন ঘটিয়েছে। অনেকেই তাঁদের প্রিয়জনকে চিরকালের জন্য হারিয়েছেন। অনেক মানুষ প্রিয়জনের সাহচর্য ছাড়া নিঃসঙ্গ হয়ে মৃত্যুবরণ করেছেন। পবিত্র বড়দিনের সময় পরিবারের আপনজনদের একসঙ্গে হওয়ার রেওয়াজ ভেঙে অনেক প্রবীণ ও শিশুকে একা থাকতে হচ্ছে। তবে পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, তাই সবাই এই কষ্ট স্বীকার করছেন।’ বড়দিনের উৎসবে একেই আশার আলো বলছেন জার্মানির প্রেসিডেন্ট। তিনি সবাইকে আগামী বছরের বড়দিনের উৎসব উদযাপনের জন্য আত্মবিশ্বাসী হতে বলেছেন।

জার্মানির নর্দরাইন ভেস্টফালেন রাজ্যের নেতা আরমিন লাসেট রাজনীতিকদের দ্বিধার কারণে কঠোর লকডাউন ব্যবস্থা দেরিতে জারির জন্য দুঃখপ্রকাশ করেছেন। জার্মানিতে করোনাভারাসের প্রকোপ বাড়ার বিষয়ে অনেকেই কঠোর লকডাউন ব্যবস্থার সিদ্ধান্ত দেরি করে নেওয়ার বিষয়টিকে দায়ী করেন।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও গবেষকেরা অনেক আগে থেকে কঠোর লকডাউন ব্যবস্থা জারির সিদ্ধান্ত দ্রুত নেওয়ার বিষয়ে বলেছিলেন। তবে, জার্মানির ১৬ রাজ্যের সরকার একমত হতে দেরি করে।

১৬ ডিসেম্বর থেকে জার্মানিতে কঠোর লকডাউন জারি হলেও সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলেছে। জার্মানির সংক্রামক রোগ বিষয়ের গবেষণা কেন্দ্র রবার্ট কখ ইনস্টিটিউট থেকে এক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ও মৃত্যুর হার বৃদ্ধির সংবাদে আতঙ্ক ছড়িয়েছে। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত জার্মানিতে ৩২ হাজার ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সেখানে ৮০২ জন মারা গেছেন।