সূর্যস্নানের দাবিতে নারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যস্নানের অধিকারের দাবিতে গতকাল মঙ্গলবার বুয়েনস এইরেসের সড়কে প্রতিবাদ ও বিক্ষোভ করেন নারীরা। ছবি: রয়টার্স
সূর্যস্নানের অধিকারের দাবিতে গতকাল মঙ্গলবার বুয়েনস এইরেসের সড়কে প্রতিবাদ ও বিক্ষোভ করেন নারীরা। ছবি: রয়টার্স

সমুদ্রসৈকতে অর্ধনগ্ন হয়ে সূর্যস্নানের অধিকারের দাবিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের রাজপথে নগ্ন (টপলেস) হয়ে প্রতিবাদে নেমেছেন নারীরা।

আজ বুধবার দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার অর্ধনগ্ন হয়ে সূর্যস্নানের অধিকারের দাবিতে বুয়েনস এইরেসের সড়কে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন হাজারো বিক্ষোভকারী। ওই বিক্ষোভকারীদের দলে শামিল হয়েছেন নগ্ন নারীরাও।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশজুড়ে একই দাবিতে ছোট আকারের কিছু প্রতিবাদ হয়েছে। জানুয়ারি মাসের একটি ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা এই প্রতিবাদ করছেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, আর্জেন্টিনার আইন নারীদের প্রকাশ্যে সমুদ্রসৈকতে অর্ধনগ্ন হয়ে সূর্যস্নানের অনুমতি দেবে কি না।

সম্প্রতি দেশটির জাতীয় ফৌজদারি আইনে ‘অশালীন প্রদর্শন’ নিষেধ, এমন আইনের কথা বলে পুলিশ টপলেস নারীদের সৈকত ত্যাগ করতে বলে। তবে এ ঘটনার পর দেশটির একজন বিচারক রুল দিয়েছেন, নগ্ন হয়ে ঘোরা অপরাধ নয়।

বিক্ষোভকারীদের যুক্তি, সৈকতে পুরুষদের মতো নারীদেরও টপলেস হয়ে সূর্যস্নানের সমান অধিকার রয়েছে। তাঁরা বলেন, এ ঘটনা আর্জেন্টিনায় নারী ও পুরুষের মধ্যে সামাজিক বৈষম্যের এক চরম দৃষ্টান্ত।

নগ্ন হয়ে প্রতিবাদে অংশ নেওয়া ৩৩ বছর বয়সী আলোকচিত্রী গ্রেস প্রাউনেস্তি পিকে বলেন, যখন নারীরা লিঙ্গবৈষম্যের শিকার হয়, তখন তারা সেসব শোনে না। কিন্তু যখন একজন নারী নগ্ন হলো, তখনই তারা অসংখ্য পুলিশ পাঠাল। নগ্ন হওয়া মোটেই অপরাধ নয়।

এর আগে গত বছর এক কিশোরীকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে হাজারো মানুষ রাজপথে বিক্ষোভ করেছিল।