তল্লাশির সময় গুলিতে নিহত সেই গাড়িচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের সংবাদপত্র এল পাতে গতকাল তিনটি ছবি প্রকাশ করে বলা হয়েছে সন্দেহভাজন আবুইয়াকুব গাড়ি হামলার পরপর হেঁটে পালিয়ে যান
স্পেনের সংবাদপত্র এল পাতে গতকাল তিনটি ছবি প্রকাশ করে বলা হয়েছে সন্দেহভাজন আবুইয়াকুব গাড়ি হামলার পরপর হেঁটে পালিয়ে যান

স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি তুলে হামলা চালানো সেই গাড়িচালক ইউনুস আবুইয়াকুব পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনার চার দিন পর গতকাল সোমবার বার্সেলোনা থেকে দূরে একটি গ্রামে পুলিশের তল্লাশির সময় তিনি নিহত হন।

বার্সেলোনার লাস র‍্যামব্লাসে গত বৃহস্পতিবার গাড়ি তুলে দেওয়ার ওই ঘটনায় নিহত হন ১৪ জন। এরপর গাড়িচালকের খোঁজে ইউরোপজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে স্পেন সরকার।

বার্সেলোনা থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে সুবিরাতস নামের একটি গ্রাম ঘিরে ফেলে পুলিশ। এ সময় সেখানে গুলিতে একজন নিহত হন। এরপর স্থানীয় পুলিশের এক টুইটে বলা হয়, ‘সুবিরাতসে নিহত ব্যক্তি বার্সেলোনার হামলাকারী আবুইয়াকুব বলে আমরা নিশ্চিত হয়েছি।’ ২২ বছর বয়সী আবুইয়াকুব মরক্কোর নাগরিক।

স্থানীয় গণমাধ্যম জানায়, অভিযানের সময় আবুইয়াকুবের শরীরে সুইসাইড ভেস্ট পরা ছিল। পুলিশও জানিয়ছে, তারা আবুইয়াকুবের শরীর থেকে সুইসাইড ভেস্ট সরিয়েছে। তবে সেটি আসল নাকি নকল তা নিশ্চিত করেনি পুলিশ।

স্পেনের সংবাদপত্র এল পাতে গতকাল তিনটি ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, গাড়ি হামলার পরপর হেঁটে পালিয়ে যাচ্ছেন সানগ্লাস পরা ছিমছাম এক তরুণ। পত্রিকাটির ভাষ্য অনুযায়ী, জায়গাটি লাস র‍্যামব্লাসের ঠিক পাশে লা বুক্কেরিয়া মার্কেট।

বৃহস্পতিবার বার্সেলোনার লাস রামব্লাসে হামলার পরদিন শুক্রবার দেশটির আরেক শহর ক্যামব্রিলসে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে চালানো হয়। জঙ্গিগোষ্ঠী আইএস দুই হামলারই দায় স্বীকার করে।