সেজানের আঁকা অসমাপ্ত দুই ছবির খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান ফরাসি চিত্রকর পল সেজানের আঁকা কিছু অসমাপ্ত ছবি (স্কেচ) পাওয়া গেছে। এগুলো তাঁরই আঁকা জলরঙের দুটি চিত্রকর্মের পেছন দিকে লুকানো ছিল। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বার্নেস ফাউন্ডেশন গত শনিবার এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
স্কেচ দুটির মধ্যে একটি গ্রাফাইট এবং একটি জলরঙে আঁকা। এগুলো সম্ভবত বিশ শতকের প্রথম পর্যায়ের পর থেকে আর দেখা যায়নি। ফিলাডেলফিয়ার শিল্প সংরক্ষকেরা স্কেচগুলো খুঁজে পান। সেজানের আঁকা জলরঙের দুটি কাজ মার্কিন শিল্প সংগ্রাহক লিও স্টাইনের কাছ থেকে ১৯২১ সালে কিনেছিলেন অ্যালবার্ট বার্নেস।
শিল্পী সেজান যে ছবি আঁকার খাতা বা কাগজের দুই পিঠেই ছবি আঁকতেন, তার নজির আগেও মিলেছে। তিনি সব মিলিয়ে কয়েক হাজার ছবি আঁকেন। ১৯০৬ সালে মৃত্যু হয় সেজানের।
বার্নেস ফাউন্ডেশন ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের সংগ্রহে কাগজে আঁকা ৩৬৫টি চিত্রকর্ম রয়েছে।