সেনা ব্যারাকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বহু নিহতের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওই সেনা ব্যারাক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে
ছবি: এএফপি

ইউক্রেনে একটি সেনা ব্যারাকে গত শুক্রবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির বহু সেনা নিহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি অনলাইনের।

একাধিক সূত্রের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরের সেনা ব্যারাকে রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার সময় ওই সেনা ব্যারাকে ইউক্রেনের প্রায় ২০০ জন সেনা ঘুমাচ্ছিলেন। আহত সেনাদের ৫৭ জন এখন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো হিসাব দেওয়া হয়নি। হামলার ৩০ ঘণ্টা পর শনিবার ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খোঁজে অভিযান চালাচ্ছিলেন উদ্ধারকর্মীরা।

গতকাল রাতে মিকোলাইভের তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের ভেতর আর কেউ জীবিত নেই বলে শঙ্কা তাদের।

ধ্বংসস্তূপের ভেতর জীবিতদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা
ছবি: বিবিসির সৌজন্যে

আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কিম কাপুরুষোচিতভাবে ঘুমন্ত সৈন্যদের ওপর রকেট দিয়ে ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়ার সেনাদের দোষারোপ করেছেন।

ম্যাক্সিম নামে এক সৈন্য বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অন্তত ৫০টি মরদেহ উদ্ধার হয়েছে কিন্তু ধ্বংসস্তূপের ভেতর আরও কত জন রয়েছেন আমরা জানি না।’

বিবিসি জানিয়েছে, নতুন করে রুশ বাহিনীর আরও হামলার আশঙ্কার মধ্যে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই সেনা ব্যারাকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।