সেন্ট পিটার্সবার্গে আইএসের সন্দেহভাজন ৬ নিয়োগকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জন্য সদস্য সংগ্রহকারী বলে সন্দেহভাজন ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তকারীরা বলেছেন, আটক ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতায় সংশ্লিষ্ট ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। পাতালরেলে আত্মঘাতী হামলার দুই দিন পর এ গ্রেপ্তারের খবর এল।
কর্তৃপক্ষ বলেছে, আটক ব্যক্তিরা মধ্য এশিয়ার কয়েকটি দেশের নাগরিক। তবে সেন্ট পিটার্সবার্গের পাতালরেলে সন্দেহভাজন হামলাকারী কিরগিজ বংশোদ্ভূত আকবরজান জলিলভের সঙ্গে আটক ব্যক্তিদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
এক বিবৃতিতে তদন্ত কর্তৃপক্ষ বলেছে, আটক ব্যক্তিরা মধ্য এশিয়ার অভিবাসীদের সেন্ট পিটার্সবার্গে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা’ এবং আইএসসহ ‘অবৈধ সশস্ত্রগোষ্ঠীতে’ যোগদানের জন্য নিয়োগ করছিলেন। তাঁদের আবাসস্থলে উসকানিমূলক ধর্মীয় বই পাওয়া গেছে।
এএফপি জানায়, সেন্ট পিটার্সবার্গের পাতাল রেলস্টেশনে গত সোমবারের হামলাকারীর সম্ভাব্য উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্তকাজ শুরু হয়েছে। তদন্তকারীরা বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার আগে ২২ বছর বয়সী জলিলভ দুটি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরোচ্ছেন। গতকাল পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।