সৌদি আরবকে অস্ত্র দেবে না জার্মানি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে অস্ত্র রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। ‘ওই অঞ্চলে অস্থিরতা’র কারণে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জার্মান দৈনিক পত্রিকা বিল্ড গত রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। খবর এএফপির।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, সৌদি আরবের অস্ত্র আমদানির চাহিদাগুলো হয় সরাসরি ‘বাতিল’ করা হয়েছে, না-হয় নতুন করে বিবেচনার জন্য স্থগিত রাখা হয়েছে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গত বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে। এ সংস্থাটির সদস্য হিসেবে আছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল এবং আরও সাতজন মন্ত্রী।
খবরে আরও বলা হয়, ‘সরকারি সূত্রের ভাষ্যমতে, ওই অঞ্চলের পরিস্থিতি খুব বেশি অস্থির, যা অস্ত্র রপ্তানির জন্য অনুকূল নয়।’
বিল্ড-এর খবরে বলা হয়, সৌদি আরব জার্মানির অস্ত্রশিল্পের সবচেয়ে বড় খরিদ্দারদের অন্যতম। ২০১৩ সালে দেশটিতে ৪০ কোটি ডলারের অস্ত্র রপ্তানি অনুমোদন করেছিল জার্মানি।